নির্ভীক বাংলা,অন্ডাল: নতুন সরকার গঠনের পর থেকেই অ্যাকশন মোডে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বিভিন্ন এলাকায় অবৈধ ডিও, বালি ও জমি মাফিয়াদের বিরুদ্ধে শুরু হয়েছে ধরপাকড় অভিযান। এবার অবৈধ চাঁদাবাজি ও তোলাবাজির অভিযোগে অন্ডাল এলাকা থেকে গ্রেফতার করা হল দুই তৃণমূল নেতাকে।
অভিযোগ, অন্ডাল, পাণ্ডবেশ্বর এবং ফরিদপুর থানা এলাকার বিভিন্ন ইসিএল কয়লাখনি থেকে ডিও (ডেলিভারি অর্ডার) কয়লা বোঝাই ও উত্তোলনের নামে দীর্ঘদিন ধরে একটি সক্রিয় কয়লা সিন্ডিকেট চাঁদাবাজি চালাচ্ছিল। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ পশ্চিম বর্ধমান জেলা পরিষদের পরামর্শদাতা কাঞ্চন মিত্র এবং তৃণমূল নেতা মোহাম্মদ মুজাফফর হোসেনকে প্রথমে আটক করে, পরে গ্রেফতার করে।
শনিবার সকালে ধৃত দুই নেতাকে দুর্গাপুর আদালতে পেশ করা হলে আদালত তাঁদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, রানিগঞ্জ কোল ট্রেডার্স অ্যাসোসিয়েশনের অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করে পুলিশ। অ্যাসোসিয়েশনের তরফে অন্ডাল থানায় প্রায় এক ডজন ব্যক্তির বিরুদ্ধে নাম উল্লেখ করে এফআইআর দায়ের করা হয়েছিল। মামলা নম্বর ১৩৫/২৬ অনুযায়ী অভিযোগ, ডিও হোল্ডার এবং কয়লা ব্যবসায়ীদের কাছ থেকে জোর করে টাকা আদায় করা হত। যারা টাকা দিতে অস্বীকার করতেন, তাঁদের কয়লা বোঝাই ও উত্তোলনের কাজে বাধা দেওয়া হত বলেও অভিযোগ উঠেছে।
ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ।





