ভিডিও

কালবৈশাখীর দাপটে স্বস্তি, কোথাও শিলাবৃষ্টিতে ক্ষতির আশঙ্কা

নির্ভীক বাংলা,আসানসোল, সোমবার: বিকেলের পর থেকেই আসানসোল ও পার্শ্ববর্তী এলাকায় কালবৈশাখীর প্রভাব লক্ষ্য করা যায়। আকাশে ঘন কালো মেঘ জমার পর শুরু হয় ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। বিভিন্ন এলাকায় ঘণ্টায় প্রায় ৫০–৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে দেখা যায়। এর জেরে গাছের ডাল ভাঙা, বিদ্যুৎ বিভ্রাট এবং সাময়িকভাবে যান চলাচলে বিঘ্নের খবর মিলেছে।
দীর্ঘদিনের তীব্র গরম ও দাবদাহের পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিয়েছে সাধারণ মানুষের জীবনে। তাপমাত্রা সাময়িকভাবে নেমে যাওয়ায় পরিবেশে শীতলতা ফিরে এসেছে।
অন্যদিকে, পশ্চিম বর্ধমান জেলার জামুড়িয়া এলাকায় ঝড়-বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির ঘটনাও সামনে আসে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২৫ থেকে ৩০ মিনিট ধরে একটানা শিলাবৃষ্টি হয়, সঙ্গে ছিল প্রবল ঝোড়ো হাওয়া। হঠাৎ এই আবহাওয়ার পরিবর্তনে পথচলতি মানুষকে আশ্রয় নিতে হয় এবং অনেকেই দীর্ঘক্ষণ গৃহবন্দী হয়ে পড়েন।
এই শিলাবৃষ্টি একদিকে গরম থেকে স্বস্তি দিলেও, অন্যদিকে গ্রামাঞ্চলের কৃষিজীবী মানুষের মধ্যে ক্ষতির আশঙ্কা তৈরি করেছে। ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

TAGS

সম্পর্কিত খবর