নির্ভীক বাংলা,, আসানসোল | কুলটি:
রাজ্যের বিধানসভা নির্বাচনের আর মাত্র প্রায় ৪৮ ঘণ্টা বাকি। তার আগেই নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর প্রশাসন। বিশেষ করে পশ্চিমবঙ্গ–ঝাড়খণ্ড সীমান্তে বাড়ানো হয়েছে নজরদারি ও নাকা তল্লাশি।
মঙ্গলবার কুলটি থানার ডুবুরডিহি চেকপোস্টে সেই কড়াকড়ির ছবি স্পষ্ট ধরা পড়ে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর যৌথ উদ্যোগে প্রতিটি যানবাহন থামিয়ে চালানো হয় তল্লাশি অভিযান।
গাড়ির কাগজপত্র খতিয়ে দেখা ছাড়াও যাত্রীদের পরিচয়পত্রও যাচাই করা হয়। সন্দেহজনক কিছু পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, নির্বাচনের আগে বেআইনি অস্ত্র, নগদ টাকা বা মদ পাচার রুখতেই এই বাড়তি নজরদারি। সীমান্ত এলাকাগুলিতে যাতে কোনোভাবেই অবৈধ কার্যকলাপ না ঘটে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ভোট যত এগিয়ে আসছে, ততই নিরাপত্তার বলয় আরও শক্ত করা হচ্ছে—এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।




