নির্ভীক বাংলা, আসানসোল :
তপ্ত গরমের মধ্যেই ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল রূপনারায়ণপুর-এর ব্যস্ত ডাবরমোড় এলাকা। মঙ্গলবার ভরদুপুরে ডাবরমোড় বাসস্ট্যান্ড সংলগ্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মার থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে পাশের অস্থায়ী দোকানগুলিতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর প্রায় ১:৪৫ নাগাদ ট্রান্সফর্মারে হঠাৎ আগুন লাগে। চৈত্র-বৈশাখের প্রচণ্ড দাবদাহে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং আশপাশের খাবারের দোকানগুলিকে গ্রাস করে।
পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন দোকানের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারগুলি একের পর এক বিস্ফোরিত হতে শুরু করে। বিস্ফোরণের তীব্রতায় গোটা এলাকা কেঁপে ওঠে। আতঙ্কে ছুটোছুটি শুরু হয়, এমনকি বহু পথচারী ও যাত্রী চলন্ত যানবাহন থেকে নেমে পড়েন বা পড়ে যান।
ঘটনার জেরে পুরো এলাকা বর্তমানে বিদ্যুৎহীন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রান্সফর্মারের একেবারে পাশে দীর্ঘদিন ধরে একাধিক অস্থায়ী খাবারের দোকান গড়ে উঠেছিল, যেখানে নিয়মিত গ্যাসে রান্না চলত। গ্যাস লিকের অভিযোগও নাকি একাধিকবার উঠলেও প্রশাসনের তরফে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।
এলাকায় দীর্ঘদিন ধরেই লো-ভোল্টেজ ও ঘনঘন লোডশেডিংয়ের সমস্যা ছিল বলে অভিযোগ। তার মধ্যেই বিদ্যুৎ দপ্তরের কাছাকাছি এলাকায় এই অগ্নিকাণ্ড দপ্তরের নজরদারি নিয়ে বড় প্রশ্ন তুলেছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, দুপুর পৌনে দুটোয় আগুন লাগার পরও প্রায় আড়াইটে পর্যন্ত আগুন নেভাতে কার্যকর প্রশাসনিক তৎপরতা দেখা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত, চিত্তরঞ্জন থেকে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে এবং রূপনারায়ণপুর ফাঁড়ি-র পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে।
প্রচণ্ড গরমের মধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই বলেই জানিয়েছে বিদ্যুৎ দপ্তর




