ভিডিও

বারাবনিতে পোস্টার ছেঁড়া ঘিরে উত্তেজনা, অভিযোগ–পাল্টা অভিযোগ তুঙ্গে

নির্ভীক বাংলা,দাস, আসানসোল:
বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বারাবনি এলাকায় পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মঙ্গলবার সকালে। নুনী গ্রাম পঞ্চায়েতের চিঁচুড়িয়া গ্রামের বাউড়ী পাড়ায় বিধান উপাধ্যায়-এর সমর্থনে লাগানো দুটি ফ্লেক্স সোমবার রাতে দুষ্কৃতীরা ছিঁড়ে দেয় বলে অভিযোগ।
ঘটনার খবর পেয়ে নুনী গ্রাম পঞ্চায়েতের সদস্য মাধব ঘটনাস্থলে পৌঁছে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে এবং এর পেছনে বিরোধী শিবিরের হাত রয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, নুনী মোড় থেকে লালগঞ্জ পর্যন্ত বিজেপির পোস্টারও দিনের বেলায় ছিঁড়ে ফেলা হতে পারে।
তৃণমূল কংগ্রেসের কর্মী পবিত্র রায় জানান, সোমবার রাতেই এই পোস্টারগুলি ছেঁড়া হয়। তৃণমূল কংগ্রেস-এর দাবি, এলাকায় অশান্তি তৈরি করতেই এই ধরনের কাজ করা হচ্ছে।
অন্যদিকে, সমস্ত অভিযোগ অস্বীকার করেছে ভারতীয় জনতা পার্টি। তাদের বক্তব্য, বিজেপির কর্মীরা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত নয় এবং রাজনৈতিক স্বার্থে তাদের নামে মিথ্যা অভিযোগ তোলা হচ্ছে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে, যদিও এখনও পর্যন্ত কোনও বড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। প্রশাসনের তরফে পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর