নির্ভীক বাংলা,দুর্গাপুর: মঙ্গলবার থেকে বিধানসভা নির্বাচনকে ঘিরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ভোটগ্রহণ প্রক্রিয়া। ভারতীয় নির্বাচন কমিশন-এর নির্দেশিকা মেনে এবারও প্রবীণ ও প্রতিবন্ধী ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের বিশেষ ব্যবস্থা করা হয়েছে।
দুর্গাপুর পূর্ব বিধানসভার কাঁকসা ব্লকে এই উদ্যোগের আওতায় প্রায় ৯০ জন ভোটার ব্যালটের মাধ্যমে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রশিক্ষণপ্রাপ্ত নির্বাচন কর্মীদের দল নির্দিষ্ট সময়সূচি মেনে প্রতিটি ভোটারের বাড়িতে পৌঁছে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন করছে।
যাতে শারীরিক অসুবিধার কারণে কোনও ভোটার ভোটদান থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। গোটা প্রক্রিয়াকে সুরক্ষিত রাখতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের মোতায়েন করা হয়েছে। পাশাপাশি, স্বচ্ছতা বজায় রাখতে সম্পূর্ণ ভোটগ্রহণ প্রক্রিয়া ভিডিওগ্রাফির মাধ্যমে রেকর্ড করা হচ্ছে।
এই ব্যবস্থায় প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।




