নির্ভীক বাংলা ,আসানসোল, পশ্চিমবঙ্গ: আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কুলটি বিধানসভা কেন্দ্রে রাজনৈতিক সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেল। একসময়ের বিদ্রোহী নেতা আখতার হোসেন এবার তৃণমূল কংগ্রেসের মঞ্চে উঠে দলের প্রার্থী অভিজিৎ ঘটকের পক্ষে ভোটের আবেদন জানালেন।
বরাকর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি নির্বাচনী জনসভায় এই ঘটনা সামনে আসে। সভায় উপস্থিত ছিলেন প্রার্থী অভিজিৎ ঘটক এবং দলের সাংসদ সায়োনী ঘোষ।
উল্লেখ্য, আখতার হোসেন কিছুদিন আগেও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ইঙ্গিত দিয়েছিলেন। তবে সাম্প্রতিক এই অবস্থান পরিবর্তন রাজনৈতিক মহলে চর্চার বিষয় হয়ে উঠেছে।
সভায় বক্তব্য রাখতে গিয়ে আখতার হোসেন তৃণমূল প্রার্থীর জয়ের আহ্বান জানান। অন্যদিকে, অভিজিৎ ঘটক তাঁর ভাষণে এলাকার উন্নয়নের প্রতিশ্রুতি দেন। তিনি শিক্ষা ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়ন, একটি ইনডোর স্টেডিয়াম, সাংস্কৃতিক অডিটোরিয়াম এবং ফায়ার স্টেশন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করেন।
সাংসদ সায়োনী ঘোষ তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এবং রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পগুলির পক্ষে সওয়াল করেন।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, আখতার হোসেনের এই অবস্থান পরিবর্তন কুলটি বিধানসভা কেন্দ্রের নির্বাচনী সমীকরণে প্রভাব ফেলতে পারে।




