ভিডিও

আসানসোল উত্তরে ‘কৃষ্ণেন্দু’ নামে তিন প্রার্থী, মনোনয়ন ঘিরে রাজনৈতিক শোরগোল

নির্ভীক বাংলা, আসানসোল:
পশ্চিম বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ ও “হট সিট” হিসেবে পরিচিত আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্র এবার নতুন এক রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে। সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনের পর দেখা যায়, এই কেন্দ্রে “কৃষ্ণেন্দু” নামে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
এই তিনজন হলেন—কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু চ্যাটার্জী এবং কৃষ্ণেন্দু মুখার্জী। এদের মধ্যে কৃষ্ণেন্দু মুখার্জী বিজেপি প্রার্থী, আর বাকি দুইজন নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন।
একই নামে তিন প্রার্থী থাকায় স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। এই প্রসঙ্গে বিজেপি প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জী অভিযোগ করে বলেন, এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। তাঁর দাবি, ভোটারদের বিভ্রান্ত করার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবে একই নামের প্রার্থীদের দাঁড় করানো হয়েছে।
তিনি আরও বলেন, বিজেপির ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বিরোধীরা আতঙ্কিত বলেই এই ধরনের কৌশল নেওয়া হয়েছে। যদিও নির্বাচনী বিধি অনুযায়ী, প্রার্থীদের কাগজপত্র সঠিক থাকলে একই নামে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করা আইনত বৈধ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোট ভাগ করার কৌশল হিসেবে অতীতেও বিভিন্ন নির্বাচনে এই ধরনের ঘটনা দেখা গেছে। ফলে আসানসোল উত্তর কেন্দ্রের এই পরিস্থিতি নির্বাচনের ফলাফলে কতটা প্রভাব ফেলবে, তা নিয়ে জল্পনা তুঙ্গে।
এখন নজর আগামী ৪ মে-র ফলাফলের দিকে—এই ‘নামের লড়াই’ শেষ পর্যন্ত ভোটের অঙ্কে কতটা প্রভাব ফেলে, সেটাই দেখার।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর