নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, আসানসোল:
ভোটের মুখে ভোটার তালিকায় নাম না থাকায় চরম বিভ্রান্তির মুখে পড়েছেন বহু মানুষ। পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে এদিন সকাল থেকেই জেলা শাসক দপ্তরে ভিড় জমাতে দেখা যায় সাধারণ ভোটারদের।
অভিযোগ, এসআইআর (Summary Intensive Revision) প্রক্রিয়ার পর বহু মানুষের নাম চূড়ান্ত ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেছে। ফলে নাম পুনর্নথিভুক্ত করতে প্রশাসনিক দপ্তরে ছুটছেন মানুষ।
ধ্রুবডাঙ্গার বাসিন্দা কুন্দন শর্মা জানান, ২০০২ সালের পর তিনি ওই এলাকায় বাড়ি কিনে বসবাস শুরু করেন। এসআইআর-এর সময় সমস্ত প্রয়োজনীয় নথি জমা দেওয়ার পরেও তার নাম তালিকাভুক্ত হয়নি। এমনকি পূর্বেও তথ্য জমা দেওয়ার পর চূড়ান্ত তালিকা থেকে নাম বাদ পড়েছে বলে দাবি তাঁর।
তিনি আরও বলেন, পুনরায় সব নথি জমা দিয়েছেন। তবুও যদি নাম না ওঠে, তাহলে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন না। পাশাপাশি ভবিষ্যতে স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে কোনো কাজের জন্য গেলে ভোট না দেওয়ার বিষয়টি সমস্যা তৈরি করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
একই ধরনের অভিযোগ শোনা গেছে আরও বহু ভোটারের মুখে। নাম বাদ যাওয়ায় কীভাবে দ্রুত সমাধান মিলবে, তা নিয়ে উদ্বেগে রয়েছেন তারা।
প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেলেও, ভোটের আগে এই পরিস্থিতি স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়িয়েছে।




