নিজস্ব সংবাদদাতা, শালতোড়া:
পশ্চিম বর্ধমান জেলার ২৪৭ নম্বর শালতোড়া বিধানসভার রামচন্দ্রপুর অঞ্চলে বৃহস্পতিবার জোরদার প্রচার চালাল তৃণমূল কংগ্রেস। এদিন বাড়ি বাড়ি প্রচারে অংশ নেন তৃণমূল কংগ্রেস প্রার্থী উত্তম বাউরী।
প্রচারের সময় তিনি সরাসরি এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শোনেন। পাশাপাশি গত কয়েক বছরে এলাকার উন্নয়নের খতিয়ান তুলে ধরেন তিনি। প্রার্থীর দাবি, নতুন প্রতিশ্রুতির পরিবর্তে ইতিমধ্যেই সম্পন্ন হওয়া কাজের ভিত্তিতেই মানুষের সমর্থন চাওয়াই ছিল তাঁর মূল লক্ষ্য।
এদিন রামচন্দ্রপুর অঞ্চলে প্রচারে সাধারণ মানুষের উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। স্থানীয়দের একাংশ জানান, তারা পরিবর্তনের বদলে উন্নয়নের ধারাবাহিকতাকেই সমর্থন করতে চান।
প্রচারে প্রবীণ থেকে শুরু করে যুবক-যুবতীদের সক্রিয় অংশগ্রহণ চোখে পড়ে। রাজনৈতিক মহলের মতে, এই জনসমর্থন আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।




