ভিডিও

কুলটিতে পৌর কাঠামো ইস্যুতে রাজনৈতিক তরজা

নির্ভীক বাংলা,নিজস্ব সংবাদদাতা, আসানসোল:
পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের মাঝেই পৌর প্রশাসন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই ইস্যুতে মুখোমুখি হয়েছে বিজেপি ও তৃণমূল কংগ্রেস।
রবিবার প্রচার চলাকালীন বিজেপির বিধায়ক তথা প্রার্থী ডাঃ অজয় কুমার পোদ্দার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রাজ্যে বিজেপি সরকার গঠিত হলে বর্তমান আসানসোল পৌর নিগম ভেঙে পুনরায় কুলটি মিউনিসিপ্যালিটি গঠন করা হবে। তাঁর অভিযোগ, বর্তমান ব্যবস্থায় সাধারণ মানুষের উপর অতিরিক্ত করের বোঝা চাপানো হচ্ছে, অথচ সেই অনুযায়ী পরিষেবা মিলছে না। বিশেষ করে পানীয় জলের সমস্যার কথা তুলে ধরে তিনি বলেন, “দশগুণ ট্যাক্স নিয়ে ঠিকমতো জল সরবরাহ করা যাচ্ছে না—এই শোষণ আর চলতে দেওয়া হবে না।”
এই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের কুলটি প্রার্থী অভিজিৎ ঘটক। তিনি বিজেপির সমালোচনা করে বলেন, “বিজেপি দেশের উন্নয়নকে পিছনের দিকে ঠেলে দিচ্ছে। আজ সাধারণ মানুষ আবার কাঠ জ্বালিয়ে রান্না করতে বাধ্য হচ্ছেন।” তাঁর দাবি, গত পাঁচ বছরে কুলটি প্রায় দশ বছর পিছিয়ে গেছে এবং বর্তমান বিজেপি বিধায়ক এলাকার উন্নয়নের বদলে পিছিয়ে দেওয়ার রাজনীতি করছেন।
নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ও পাল্টা মন্তব্যে কুলটি বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তেজনা ক্রমশ বাড়ছে। স্থানীয় স্তরে পৌর পরিষেবা, কর ব্যবস্থা ও উন্নয়নই যে ভোটের অন্যতম প্রধান ইস্যু হয়ে উঠেছে, তা স্পষ্ট।

TAGS

সম্পর্কিত খবর

সর্বশেষ খবর