নির্ভীক বাংলা ,আসানসোল, রবিবার: ঝাড়খণ্ডের বোকারো থেকে আসানসোলগামী একটি যাত্রীবাহী বাস থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল পুলিশ। আজ শহরের ব্যস্ত জুবলি মোড় এলাকায় নাকা চেকিং চলাকালীন এই সাফল্য আসে পুলিশের হাতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধানবাদ দিক থেকে আসা একটি সন্দেহভাজন বাসে তল্লাশি চালানোর সময় ব্যাগের ভিতরে লুকিয়ে রাখা প্রায় ২২ কেজি গাঁজা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এই ঘটনায় কারা জড়িত, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।
উল্লেখযোগ্যভাবে, জুবলি মোড় এলাকায় এর আগেও একাধিকবার মাদকদ্রব্য, মোবাইল ফোন ও নগদ অর্থ উদ্ধার হয়েছে। ফলে বারবার এই ধরনের অবৈধ কার্যকলাপ ধরা পড়ায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের ডুবুডিহি চেকপোস্ট-এর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় নজরদারি আরও বাড়ানো হবে এবং এই মাদক পাচার চক্রের সঙ্গে যুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে।




