নির্ভীক বাংলা,আসানসোল, বুধবার:
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী আসানসোলে বিজেপির পক্ষ থেকে বুধবার এক বিশাল র্যালির মাধ্যমে বিভিন্ন বিধানসভার প্রার্থীরা মনোনয়ন জমা দেন। র্যালিটি বিএনআর এলাকা থেকে শুরু হয়ে রবীন্দ্র ভবন হয়ে জেলা শাসক দপ্তরে পৌঁছায়।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য সহ একাধিক নেতৃত্ব। এদিন আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অগ্নিমিত্রা পাল এবং কুলটি বিধানসভার প্রার্থী ডাঃ অজয় পোদ্দার মনোনয়ন ফর্ম জমা দেন।
এছাড়াও র্যালিতে উপস্থিত ছিলেন আসানসোল উত্তর কেন্দ্রের প্রার্থী কৃষ্ণেন্দু মুখার্জি, জামুড়িয়ার প্রার্থী ডাঃ বিজন মুখার্জি এবং বারাবনির প্রার্থী অরিজিৎ রায়। উল্লেখ্য, কৃষ্ণেন্দু মুখার্জি আগেই মনোনয়ন জমা করলেও এদিন র্যালিতে অংশ নেন, অন্যদিকে অরিজিৎ রায় সভায় উপস্থিত থাকলেও তিনি আগামীকাল মনোনয়ন জমা দেবেন।
ঢাকের তালে নেচে-গেয়ে সমর্থকদের সঙ্গে নিয়ে মনোনয়ন জমা দিতে যান অগ্নিমিত্রা পাল। র্যালিতে বিপুল সংখ্যক কর্মী-সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়।
এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শমীক ভট্টাচার্য অভিযোগ করেন, অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য বিজেপির পক্ষ থেকে ফর্ম ৭ জমা করার উদ্যোগ নেওয়া হলেও তা তৃণমূলের কর্মীরা ছিনিয়ে নিয়েছে। তিনি দাবি করেন, আসানসোল দক্ষিণ বিধানসভায় হাজার হাজার অবৈধ ভোটারের নাম কাটার চেষ্টা করা হচ্ছিল, কিন্তু প্রার্থী অগ্নিমিত্রা পালের গাড়ি থেকে সেই ফর্ম ছিনিয়ে নেওয়া হয়।
তিনি স্পষ্টভাবে জানান, যতক্ষণ না অবৈধ ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হচ্ছে, ততক্ষণ বিজেপির আন্দোলন চলবে। তার কথায়, “নো SIR, নো ভোট।”





