ভিডিও

ভোটার তালিকায় ‘ডিলিটেড’! রূপনারায়ণপুরে তৃণমূল প্রার্থীর কাছে কাঁদলেন ৯০ বছরের বৃদ্ধা

নির্ভীক বাংলা,বারাবনি, ৩১ মার্চ:
ভোটের আবহে মানবিক এক ঘটনার সাক্ষী থাকল বারাবনি বিধানসভা কেন্দ্রের রূপনারায়ণপুরের সীমান্তপল্লী এলাকা। নির্বাচনী প্রচারে গিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা বর্তমান বিধায়ক বিধান উপাধ্যায়ের সামনে কান্নায় ভেঙে পড়লেন ৯০ বছর বয়সী বৃদ্ধা দুর্গা রায়।
স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তপল্লীর বাসিন্দা দুর্গা রায় দীর্ঘদিন ধরেই ওই এলাকায় বসবাস করছেন। একমাত্র ছেলের মৃত্যু এবং মেয়েদের বিয়ের পর তিনি বর্তমানে একাই থাকেন। এতদিন নিয়মিত ভোটাধিকার প্রয়োগ করলেও সম্প্রতি ভোটার তালিকায় নিজের নামের পাশে ‘ডিলিটেড’ লেখা দেখে হতবাক হয়ে যান তিনি।
এদিন প্রচারে আসা বিধান উপাধ্যায়ের কাছে নিজের সমস্যার কথা জানাতে গিয়ে চোখের জল ফেলেন বৃদ্ধা। তাঁর আক্ষেপ, “আমি তো বেঁচে আছি, তাহলে কেন আমার নাম কেটে দেওয়া হল? নাম না থাকলে আমি ভোট দেব কী করে?”
বৃদ্ধার এই অভিযোগ শুনে তৎক্ষণাৎ মানবিক উদ্যোগ নেন বিধায়ক Bidhan Upadhyay। তিনি ঘটনাস্থলেই দলীয় নেতৃত্ব ও সংশ্লিষ্ট আধিকারিকদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন এবং দ্রুত নাম পুনরায় অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন।
এ প্রসঙ্গে বিধান উপাধ্যায় বলেন, “এই ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। তবে তৃণমূল কংগ্রেস সবসময় মানুষের পাশে রয়েছে। যতদিন Mamata Banerjee এবং Abhishek Banerjee রয়েছেন, কারও ভয় পাওয়ার কারণ নেই।”
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। এখন দেখার, প্রশাসনিক প্রক্রিয়া পেরিয়ে কবে ফের নিজের ভোটাধিকার ফিরে পান সীমান্তপল্লীর এই অসহায় বৃদ্ধা।

TAGS

সম্পর্কিত খবর