ভিডিও

দুর্গাপুরে আদিবাসী সংগঠনের অনির্দিষ্টকালের ধর্না, ভোট বয়কটের হুঁশিয়ারি

নির্ভীক বাংলা,দুর্গাপুর, পশ্চিম বর্ধমান:
ভোটের মুখে একাধিক দাবিকে সামনে রেখে দুর্গাপুরে অনির্দিষ্টকালের ধর্নায় বসল আদিবাসী সংগঠন দিসম আদিবাসী গাওতা। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া, আদিবাসী স্কুলগুলির পরিকাঠামোর বেহাল দশা এবং জল-রাস্তাঘাট-বাসস্থানের সমস্যাকে কেন্দ্র করে এই আন্দোলন শুরু হয়েছে।
দুর্গাপুর মহকুমা শাসকের দফতরের সংলগ্ন ভগত সিং মাঠের কাছে সোমবার থেকে ধর্না কর্মসূচি শুরু করেন সংগঠনের সদস্যরা। এই আন্দোলনে আদিবাসী স্কুলের পড়ুয়ারাও অংশগ্রহণ করেছে।
আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে আদিবাসী অধ্যুষিত এলাকাগুলিতে পানীয় জল, রাস্তাঘাট সহ একাধিক সমস্যা রয়েছে। বহুবার প্রশাসনকে জানানো হলেও কোনও স্থায়ী সমাধান হয়নি। পাশাপাশি, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া এবং অযথা হয়রানির অভিযোগও তুলেছেন তাঁরা।
আদিবাসী সংগঠনের সদস্যদের বক্তব্য, ভোটের সময় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতি দিলেও ভোট মিটতেই সেই প্রতিশ্রুতি আর রক্ষা করা হয় না। তাই এবারের নির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছেন তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। ভোটের আগে আদিবাসীদের এই আন্দোলন ঘিরে রাজনৈতিক মহলে উদ্বেগ বাড়ছে।
এদিকে, জেলা তৃণমূল নেতৃত্ব আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে। অন্যদিকে বিজেপি জেলা নেতৃত্বও এই ইস্যুতে সুর চড়িয়েছে।
পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন প্রান্ত থেকে আদিবাসী সম্প্রদায়ের মানুষ এই আন্দোলনে সামিল হয়েছেন বলে জানা গেছে। এখন প্রশাসন কী পদক্ষেপ করে, সেদিকেই নজর সকলের।

TAGS

সম্পর্কিত খবর