আসানসোল: রবিবার কুলটি এলাকায় SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাইক র্যালির আয়োজন করল তৃণমূল কংগ্রেস। ধেমোমান থেকে শুরু হওয়া এই র্যালির নেতৃত্ব দেন তৃণমূল কংগ্রেসের জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি।
ধেমোমান থেকে শুরু হওয়া র্যালিটি কুলটি থানা, বেগুনিয়া বাজার এবং বরাকর স্টেশন রোড হয়ে রামনগরের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে হাজার হাজার তৃণমূল কংগ্রেস কর্মী-সমর্থক অংশগ্রহণ করেন।
এদিন র্যালিতে বক্তব্য রাখতে গিয়ে জেলা চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি অভিযোগ করেন, SIR-এর মাধ্যমে নির্বাচন কর্তৃপক্ষ ভোটার তালিকা থেকে হাজার হাজার মানুষের নাম বাদ দিয়েছে, যা সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার সামিল। তাঁর দাবি, কেন্দ্রীয় সরকারের চাপে নির্বাচন কমিশন এই ধরনের পদক্ষেপ নিচ্ছে, যার তীব্র বিরোধিতা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের সংসদীয় বোর্ড।
তিনি আরও বলেন, আইনত স্বীকৃত একটি প্রতিষ্ঠান হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন এমন কিছু পদক্ষেপ নিচ্ছে, যা সামাজিক ন্যায় ও গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। এর আগে বহু নির্বাচন হয়েছে, কিন্তু এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি। লক্ষ লক্ষ ভোটারকে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
র্যালির মাধ্যমে উজ্জ্বল চ্যাটার্জি কুলটিতে দলের শক্তিরও প্রদর্শন করেছেন বলে রাজনৈতিক মহলের মত।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুলটি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি কাঞ্চন রাই, রবিন লায়েক, অমিত যাদব, আরমান খান, মির হাসিম, বরো চেয়ারম্যান শতাব্দী ভান্ডারী, ভোলু খান, বাবন মুখার্জি, জোগা মণ্ডলসহ বিপুল সংখ্যক দলীয় কর্মী-সমর্থক।





