ভিডিও

ঈদ উপলক্ষে জামুরিয়া থানায় শান্তি কমিটির সভা

নির্ভীক বাংলা জামুরিয়া :- আসন্ন পবিত্র ঈদ উৎসবকে সামনে রেখে জামুরিয়া থানায় শান্তি কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হল। জামুরিয়া এলাকার বিভিন্ন মসজিদ কমিটির প্রতিনিধিরা উৎসাহের সঙ্গে এই সভায় অংশগ্রহণ করেন।
সভায় উপস্থিত ছিলেন এসিপি সেন্ট্রাল বিমান কুমার মির্ধা, সিআই মানব দাস, জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুর, চেম্বার অফ কমার্সের সভাপতি, শ্রীপুর ফাঁড়ির আইসি, কেন্দা ফাঁড়ির আইসি, চুরুলিয়া ফাঁড়ির আইসি, ট্রাফিক ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।
এসিপি বিমান কুমার মির্ধা জানান, ঈদ মিলন ও সম্প্রীতির উৎসব। এই উৎসবে সকলের আনন্দের সঙ্গে অংশগ্রহণ করা উচিত। তিনি বলেন, প্রতিবছরের মতো এবারও জামুরিয়া এলাকায় ধুমধাম করে ঈদ উদযাপিত হবে এবং পবিত্র রমজান মাসের পর এই উৎসবকে কেন্দ্র করে মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। পুলিশ প্রশাসন ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও তিনি জানান।
এমএসএমই সুব্রত অধিকারী বলেন, জামুরিয়ায় সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করেন। এখানকার ঐতিহ্যই হল সব ধর্মের মানুষ একসঙ্গে প্রতিটি উৎসব উদযাপন করা। প্রতি বছরই ঈদের উৎসব সবাই মিলে আনন্দের সঙ্গে পালন করা হয়।
জামুরিয়া থানার ওসি সৌমেন্দ্র সিংহ ঠাকুর বলেন, শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপনের জন্য পুলিশ প্রশাসন সম্পূর্ণ প্রস্তুত। সমাজে সম্প্রীতি বজায় রাখতে প্রশাসনের নির্দেশ মেনে চলার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান।

TAGS

সম্পর্কিত খবর