ভিডিও

দুর্গাপুরে জোড়া পথ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় মৃত্যু মহিলা ও বাইক আরোহীর

দুর্গাপুর: রবিবার দুর্গাপুরে পরপর দুটি মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই জনের। পৃথক দুটি ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন এক মহিলা ও এক বাইক আরোহী। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ানোর পাশাপাশি নেমে এসেছে শোকের ছায়া।
প্রথম ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোক ওভেন থানার অন্তর্গত এসবি মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, পিসিবিএল রোড হয়ে একটি ট্রাক দ্রুতগতিতে এসবি মোড়ের দিকে আসছিল। অভিযোগ, অতিরিক্ত গতির কারণে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপারের সময় এক মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মৃত মহিলার নাম আশা দাস (৫০)। তিনি করঙ্গপাড়া সংলগ্ন সাহেব পুকুর পাড় এলাকার বাসিন্দা এবং এসবি মোড়ে একটি হোটেলে কাজ করতেন।
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কোক ওভেন থানার পুলিশ ও মুচিপাড়া ট্রাফিক গার্ড। পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে। দুর্ঘটনার জেরে এসবি মোড়ে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।
অন্যদিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে কাঁকসার মুচিপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মুচিপাড়া বাজারের সার্ভিস রোড দিয়ে একটি ট্রাক বামুনারার দিকে ঘুরছিল। সেই সময় এক বাইক আরোহীকে ধাক্কা মারে ট্রাকটি। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দা বিকাশ ঘটক জানান, “মর্মান্তিক পথ দুর্ঘটনা। একটি ট্রাক ধাক্কা মেরে দ্রুত সেখান থেকে চলে যায়। পরে আমরা জানতে পারি যে বাইক আরোহীর মৃত্যু হয়েছে।”
পরপর দুটি দুর্ঘটনায় দুর্গাপুর জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ দুটি ঘটনারই তদন্ত শুরু করেছে।

TAGS

সম্পর্কিত খবর