দুর্গাপুর: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগী কল্যাণ সমিতির উদ্যোগে অভিনবভাবে নারী দিবস উদযাপন করা হলো। এদিন হাসপাতালের মহিলা চিকিৎসক, নার্স, সিকিউরিটি কর্মী থেকে শুরু করে বিভিন্ন ওয়ার্ডে কর্মরত মহিলা স্বাস্থ্যকর্মীদের নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত এবং দুর্গাপুর মহিলা কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান অসীমা চক্রবর্তী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত মহিলা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা তাঁদের কর্মজীবনের নানা অভিজ্ঞতা ও প্রতিদিনের সংগ্রামের কথা তুলে ধরেন। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে এসে কীভাবে নিষ্ঠার সঙ্গে স্বাস্থ্য পরিষেবায় নিজেদের দায়িত্ব পালন করছেন, সেই বিষয়ও আলোচনায় উঠে আসে।
মহিলা স্বাস্থ্যকর্মীরা জানান, কর্মজীবনে এই প্রথমবার তাঁদের সম্মান জানিয়ে এমন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে তাঁরা নিজেদের সম্মানিত ও আপ্লুত বলে জানান এবং রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্তকে ধন্যবাদ জানান।
এদিন রোগী কল্যাণ সমিতির পক্ষ থেকে সকল মহিলা স্বাস্থ্যকর্মীদের জন্য মধ্যাহ্নভোজেরও আয়োজন করা হয়। উল্লেখ্য, দুর্গাপুর মহকুমা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে মহিলা কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।





