ভিডিও

বড়ো পীর আব্দুল কাদের জিলানী (রঃ আঃ)-এর স্মরণে তুলসীবেড়িয়া দরগা শরীফে এগারো শরীফ ও ইফতার মজলিস

নির্ভীক বাংলা,হাওড়া: হাওড়া গ্রামীণ জেলার রাজাপুর থানার অন্তর্গত তুলসীবেড়িয়া দরগা শরীফ কমিটির উদ্যোগে বড়ো পীর আব্দুল কাদের জিলানী (রঃ আঃ)-এর স্মরণে অনুষ্ঠিত হল এগারো শরীফ ও ধর্মীয় আলোচনা সভা। অনুষ্ঠানটি আয়োজিত হয় হজরত পীর আব্দুল হামিদ আলি খাঁন (রঃ আঃ)-এর মাজার প্রাঙ্গণে।
পয়লা মার্চ, রবিবার বিকেল থেকে রাত পর্যন্ত পর্যায়ক্রমে পীরের সিলসিলা মোতাবেক ও ইসলাম ধর্মীয় শিক্ষার আলোকে পবিত্র কোরআন শরীফ ও হাদীছ শরীফ থেকে আলোচনা করা হয়। পীর-ফকির, দরবেশ ও ওলী-আউলিয়াদের জীবনাদর্শ তুলে ধরে বড়ো পীরের স্মরণে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল ও মজলিসের আয়োজন করা হয়।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রবীণ ও নবীন ভক্ত-মুরিদান, মেহমান ও দর্শনার্থীরা সমবেত হন। ইসলাম ধর্মীয় শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতে ধর্মীয় আলোচনা করেন পীর রফিকুল ইসলাম খাঁন, পীরজাদা সহিদুল ইসলাম খাঁন প্রমুখ।
দরগা শরীফ কমিটির সভাপতি এম ডি মোক্তার জানান, রমজান মাস জুড়ে আর্ত ও অভাবী মানুষের বাড়িতে গিয়ে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। ঈদের আগে আরও বস্ত্র ও খাদ্য সামগ্রী বিতরণের পরিকল্পনাও রয়েছে।
পীরজাদা আমীরুল ইসলাম খাঁন ও পীরজাদা আবেদুল ইসলাম খাঁন জানান, এদিন কয়েক শতাধিক মানুষ এগারো শরীফ ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। মহিলা ও পুরুষ মিলিয়ে বহু ভক্ত, মুরিদান ও বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠান প্রাঙ্গণ ভরে ওঠে।
উদ্যোগকে সাধুবাদ জানিয়ে সকলকে রমজান মোবারক ও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা। তাঁদের মধ্যে ছিলেন লেখক সেখ মেহবুব হোসেন, সমাজকর্মী ও শিক্ষার্থী সিরাজাম মনিরা, ‘পারের’ সম্পাদক রঘুনাথ কোঁড়া সহ অনেকে। উদ্যোগকে সচল রাখতে সকলের সহযোগিতার আহ্বান জানানো হয়।

TAGS

সম্পর্কিত খবর