নির্ভীক বাংলা:
আবাসন বণ্টনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল Durgapur-এর নবীন পল্লী এলাকায়। Durgapur Municipal Corporation-এর উদ্যোগে প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় বৈধ নথি বিতরণের দিনেই একাংশ স্থানীয় বাসিন্দা অভিযোগ তোলেন, প্রকৃত বাসিন্দাদের বঞ্চিত করে বহিরাগতদের নাম চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
এই অভিযোগকে ঘিরে ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় নেমে বিক্ষোভ ও পথ অবরোধ করেন। তাঁদের দাবি, দীর্ঘদিন ধরে আবেদন করেও বহু যোগ্য স্থানীয় বাসিন্দা তালিকায় স্থান পাননি। বরং যাঁদের স্থানীয় বলে মানতে নারাজ আন্দোলনকারীরা, তাঁদের হাতেই আবাসনের নথি তুলে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, গোটা প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব রয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটানো হয়েছে।
বিক্ষোভে নেতৃত্ব দেন তিন নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডলসহ Bharatiya Janata Party-র একাধিক নেতা। তাঁদের হুঁশিয়ারি, স্থানীয় যোগ্য আবেদনকারীদের আবাসন না দিলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।
অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়। তাঁর দাবি, সরকারি নিয়ম মেনে আবেদনকারীদের যাচাই-বাছাই করেই তালিকা প্রস্তুত করা হয়েছে এবং পুরো প্রক্রিয়া স্বচ্ছভাবেই সম্পন্ন হয়েছে। বহিরাগতদের আবাসন দেওয়ার অভিযোগ ভিত্তিহীন বলেও জানান তিনি।
বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে প্রশাসনের হস্তক্ষেপে পরে অবস্থা নিয়ন্ত্রণে আসে।





