নির্ভীক বাংলা শ্যাম দাস আসানসোল:
আসানসোলের কাল্লা এলাকায় আদিবাসী স্বাধীনতা সংগ্রামী বাবা তিলকা মাঞ্জির জন্মবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করেন বিজেপি নেতা কৃষ্ণ প্রসাদ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক আদিবাসী সম্প্রদায়ের মানুষ উপস্থিত ছিলেন। আয়োজকদের পক্ষ থেকে উপস্থিত সকলকে সম্মান জানানো হয় এবং প্রায় ১,৩০০ জনের হাতে এক বস্তা করে চাল তুলে দেওয়া হয়।
এই অনুষ্ঠানে পুরুলিয়ার সাংসদ উপস্থিত ছিলেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঝাড়খণ্ডের বাসিন্দা ডঃ নির্মল মুর্মু। এছাড়াও সমাজসেবক পঞ্চানন ঠাকুর এবং আসানসোলের অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কৃষ্ণ প্রসাদ সাম্প্রতিক এক আদিবাসী মহিলার হয়রানির প্রসঙ্গ তোলেন। তিনি অভিযোগ করেন, আসানসোল উত্তরের বিধায়ক মলয় ঘটকের নির্দেশেই তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। তাঁর দাবি, মামলা দায়েরের পর তিনি হাইকোর্টের দ্বারস্থ হন এবং সেখান থেকে ন্যায়বিচার পান।
তিনি আরও জানান, শীতকালে তিনি বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করেছেন এবং আসানসোল উত্তর বিধানসভা কেন্দ্রের প্রায় ২৫,০০০ বাড়ি পরিদর্শন করে সেখানকার পরিস্থিতি পর্যালোচনা করেছেন। তাঁর অভিযোগ, গত ১৫ বছরে ওই কেন্দ্রে কোনও উল্লেখযোগ্য উন্নয়নমূলক কাজ হয়নি। মানুষের কাছে বাস্তব পরিস্থিতি তুলে ধরার কারণেই তাঁকে রাজনৈতিকভাবে অপমান করার ষড়যন্ত্র করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
আসন্ন বিধানসভা নির্বাচনে এই ঘটনার জবাব জনগণ দেবে বলেও মন্তব্য করেন বিজেপি নেতা।




