শ্যাম দাস নির্ভীক বাংলা, দূর্গাপুর:
ভাড়া কাঠামো নিয়ে অসন্তোষ, অতিরিক্ত কমিশন কাটা এবং বীমা-সহ ন্যূনতম সুবিধার অভাবের অভিযোগ তুলে মঙ্গলবার থেকে রাজ্যজুড়ে ধর্মঘটে সামিল হয়েছেন বাইক ট্যাক্সি চালকরা।
দুর্গাপুরের সিটি সেন্টার বাসস্ট্যান্ড এলাকায় বুধবার দুপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেন চালকরা। তাঁদের দাবি, জ্বালানির দাম ও রক্ষণাবেক্ষণের খরচ ক্রমশ বাড়লেও আয় তুলনামূলকভাবে কমে যাচ্ছে। বেসরকারি অ্যাপ সংস্থাগুলি ভাড়ার বড় অংশ কমিশন হিসেবে কেটে নিচ্ছে বলেও অভিযোগ তোলেন তাঁরা।
চালকদের একাংশের বক্তব্য, বর্তমান পরিস্থিতিতে রাজ্য সরকারের ‘যাত্রী সাথী’ পরিষেবাই তুলনামূলকভাবে স্বস্তিদায়ক। তাঁদের দাবি, এই প্ল্যাটফর্মে কমিশন কম এবং আয়ের ক্ষেত্রে স্বচ্ছতা বেশি। সেই কারণেই বহু চালক বেসরকারি অ্যাপ ছেড়ে ‘যাত্রী সাথী’-তে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করছেন।
চালকদের তরফে দাবি, ভাড়া কাঠামো পুনর্বিবেচনা, কমিশন কমানো এবং বীমা-সহ প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে। বিষয়টি নিয়ে প্রশাসনের হস্তক্ষেপও কামনা করেছেন তাঁরা।





