নির্ভীক বাংলা, শ্যাম দাস,পশ্চিম বর্ধমান, আসানসোল:
কেন্দ্র সরকারের প্রস্তাবিত চারটি শ্রম কোড চালুর প্রতিবাদে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে ঘিরে আসানসোলে দেখা গেল ভিন্ন অবস্থান। একদিকে ধর্মঘট সফল করার ডাক, অন্যদিকে ধর্মঘটে না যাওয়ার ঘোষণা তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির।
বুধবার বার্নপুরের টানেল গেটের সামনে আইএনটিটিইউসির পক্ষ থেকে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা। আইএনটিটিইউসি নেতা উৎপল সেন বলেন, মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তাদের সংগঠন যেকোনও ধরনের ধর্মঘটের বিরোধী। তিনি জানান, চারটি শ্রম কোডের বিরোধিতা করলেও ধর্মঘটকে তারা সঠিক পথ বলে মনে করেন না। সাধারণ মানুষের স্বার্থে জনজীবন স্বাভাবিক রাখার আহ্বান জানান তিনি। পাশাপাশি প্রশাসনের তরফে জোরজবরদস্তি করে কাউকে ধর্মঘটে সামিল না করানোর বিষয়টি নিশ্চিত করা হবে বলেও জানান।
অন্যদিকে, বার্নপুরের স্কব গেটের সামনে দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের সদস্যরা পৃথক সভা করে ধর্মঘটের সমর্থনে প্রচার চালান। তাদের বক্তব্য, কেন্দ্র সরকারের আনা চারটি শ্রম কোড শ্রমিকদের অধিকার ও স্বার্থের পরিপন্থী। শ্রমিক স্বার্থ রক্ষার দাবিতে তারা এই সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছেন। দাবি না মানা হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারিও দেন ইউনিয়ন নেতৃত্ব।
চার শ্রম কোড ইস্যুতে শিল্পাঞ্চল আসানসোলে দুই পক্ষের এই ভিন্ন অবস্থানকে ঘিরে রাজনৈতিক ও শ্রমিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।






