ভিডিও

ইসকোতে স্থানীয় বেকারদের চাকরির দাবিতে বার্নপুরে মহামিছিল

স্মারকলিপি দিয়ে ইসকো কর্তৃপক্ষকে দাবি জানালেন টিএমসি কাউন্সিলর অশোক রুদ্র

শ্যাম দাস নির্ভীক বাংলা পশ্চিম বর্ধমান, আসানসোল:
ইসকো (SAIL–ISP)-তে স্থানীয় বেকার যুবক-যুবতীদের চাকরির দাবিতে মঙ্গলবার বার্নপুরে এক মহামিছিলের আয়োজন করা হয়। আসানসোল পুরনিগমের টিএমসি কাউন্সিলর অশোক রুদ্রর নেতৃত্বে ভারতী ভবন থেকে টানেল গেট পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ইসকোতে চাকরিপ্রার্থী বহু বেকার যুবক-যুবতী অংশ নেন।
মিছিল শেষে টানেল গেটের সামনে একটি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ইসকো কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়, যেখানে আধুনিকীকরণ প্রকল্পে প্রথমে স্থানীয় যুবক-যুবতীদের নিয়োগের দাবি জানানো হয়।
এই প্রসঙ্গে অশোক রুদ্র বলেন,
“সেল-আইএসপির আধুনিকীকরণ হচ্ছে, ফলে এখানে বিপুল সংখ্যক নতুন চাকরির সুযোগ তৈরি হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে, এই কেন্দ্রীয় সংস্থা স্থানীয় বেকার যুবক-যুবতীদের বাদ দিয়ে বাইরে থেকে লোক এনে নিয়োগ করছে।”
তিনি আরও স্পষ্ট করেন, তিনি বাইরের যুবক-যুবতীদের চাকরির বিরুদ্ধে নন, তবে প্রথম অগ্রাধিকার দিতে হবে স্থানীয়দের। অশোক রুদ্রের দাবি, “এখানে হাজার হাজার যুবক-যুবতী আছেন, যাঁরা মাধ্যমিক থেকে শুরু করে পিএইচডি, বিবিএ, এমবিএ পর্যন্ত পড়াশোনা করেছেন। অথচ তাঁদের কাজ দেওয়া হচ্ছে না।”
তিনি বলেন, “আগে স্থানীয় বেকার যুবক-যুবতীদের যোগ্যতা অনুযায়ী চাকরি দিতে হবে, তারপর বহিরাগতদের সুযোগ দেওয়া যেতে পারে।”
এদিন বক্তব্য রাখতে গিয়ে অশোক রুদ্র আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালকেও কড়া ভাষায় আক্রমণ করেন। তাঁর অভিযোগ, “তিনি শুধু চটকদারির রাজনীতি করছেন। বালিঘাট আর কয়লা খাদানে ঘুরে বেড়ালেও আজ পর্যন্ত তিনি বা তাঁর দলের কেউ সেল-আইএসপি কর্তৃপক্ষের সঙ্গে একবারও বৈঠক করেননি। আধুনিকীকরণে প্রথমে স্থানীয় বেকারদের চাকরি দেওয়ার দাবি তোলেননি।”
এই কর্মসূচিকে ঘিরে বার্নপুর এলাকায় রাজনৈতিক উত্তাপ ছড়ায়। স্থানীয় বেকার যুবক-যুবতীরা জানিয়েছেন, দাবি পূরণ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন।

TAGS

সম্পর্কিত খবর