নির্ভীক বাংলা, শ্যাম দাস,
আসানসোল:
পথ কুকুরদের নিরাপত্তার পাশাপাশি সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে মঙ্গলবার সকালে পদযাত্রা করল উঙ্গস এন্ড ক্লস সংগঠনের সদস্যরা। দীর্ঘদিন ধরেই এই সংগঠনটি আসানসোলে পথ কুকুরদের কল্যাণ এবং জনসচেতনতা নিয়ে কাজ করে আসছে।
এদিন সংগঠনের পক্ষ থেকে পথ কুকুরদের নিয়মিত ভ্যাকসিনেশন চালুর দাবিতে একটি পদযাত্রা করা হয়। পদযাত্রা শেষে সদস্যরা আসানসোল পৌরনিগমের মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাঁদের দাবির বিষয়টি তুলে ধরেন।
সংগঠনের সম্পাদিকা জানান, বর্তমানে পথ কুকুরদের ভ্যাকসিনেশন নিয়ে বেশ কিছু সমস্যা দেখা দিচ্ছে। সেই কারণেই পৌরনিগমের দৃষ্টি আকর্ষণ করতে এই পদযাত্রার আয়োজন করা হয়েছে। তিনি বলেন, “পথ কুকুরদের ভ্যাকসিনেশন নিয়মিত হলে সাধারণ মানুষকে বারবার ইনজেকশন নিতে হবে না। এতে যেমন মানুষ নিরাপদ থাকবে, তেমনই কুকুরদের প্রতিও মানবিক দৃষ্টিভঙ্গি বজায় থাকবে।”
তিনি আরও জানান, পথ কুকুরদের ভ্যাকসিনেশন ও জনসচেতনতা বাড়ানো গেলে জলাতঙ্কের মতো মারাত্মক রোগ প্রতিরোধ করা সম্ভব।
এই পদযাত্রাকে ঘিরে এলাকায় যথেষ্ট সাড়া পড়ে এবং সাধারণ মানুষের মধ্যেও সচেতনতা বাড়ে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।





