ভিডিও

বিধায়কের হাত ধরে পাণ্ডবেশ্বরে অব্যাহত উন্নয়নের ধারা

জেলা পরিষদের অর্থানুকূল্যে শুরু হল দুই গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ

শ্যাম দাস, নির্ভীক বাংলা,পাণ্ডবেশ্বর:
পাণ্ডবেশ্বর বিধানসভায় উন্নয়নের গতি আরও একধাপ এগোল। পাণ্ডবেশ্বর ব্লকে পশ্চিম বর্ধমান জেলা পরিষদের অর্থানুকূল্যে দুটি গুরুত্বপূর্ণ রাস্তা নির্মাণ প্রকল্পের শুভ সূচনা করলেন বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
প্রথম প্রকল্পে, পাণ্ডবেশ্বর বিধানসভার মহাল মোড় থেকে মসজিদ পর্যন্ত রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে ১ কোটি ৮ লক্ষ টাকা। পাশাপাশি নবগ্রাম গ্রামের মকতব মাদ্রাসা থেকে জোড়বাঁধ পর্যন্ত দীর্ঘ রাস্তা নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৮৯ লক্ষ টাকা। সোমবার এই দুই রাস্তা নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা হয়।
এই উপলক্ষে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান, পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় উন্নয়ন কার্যক্রম প্রতিনিয়ত নতুন পালক যোগ করছে। তাঁর কথায়, বর্তমানে পাণ্ডবেশ্বর বিধানসভা জুড়ে প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে বিভিন্ন রাস্তা সংস্কার ও নির্মাণের কাজ চলছে।
বিধায়ক আরও জানান, বিগত প্রবল বর্ষণের ফলে পাণ্ডবেশ্বর বিধানসভার একাধিক রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই পরিস্থিতি মাথায় রেখেই ধাপে ধাপে সমস্ত ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করা হয়েছে। দুর্গাপুর-ফরিদপুর ব্লক এবং পাণ্ডবেশ্বর ব্লক—এই দুই ব্লক মিলিয়ে বিভিন্ন খাতে প্রায় ৭৭ কোটি টাকার রাস্তা নির্মাণ ও সংস্কার প্রকল্প বর্তমানে রূপায়িত হচ্ছে।
এদিন তিনি বলেন, “পাণ্ডবেশ্বরের মানুষ কুৎসা বা মিথ্যা প্রতিশ্রুতিতে বিশ্বাস করেন না। মানুষ কাজেই বিশ্বাসী। সেই কারণেই তৃণমূল কংগ্রেস মানুষের জন্য নিরন্তর কাজ করে চলেছে এবং ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”

TAGS

সম্পর্কিত খবর