
শ্যাম দাস নির্ভীক বাংলা,আসানসোল, ৭ ফেব্রুয়ারি:
কেন্দ্রীয় সরকারের শ্রম বিধি বাতিলসহ একাধিক দাবিতে আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী শ্রমিক সংগঠনগুলি। ওই ধর্মঘটের সমর্থনে শনিবার বিকেলে আসানসোলের বিএনআর এলাকায় বামফ্রন্টের উদ্যোগে একটি যৌথ কনভেনশনের আয়োজন করা হয়।
কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে সিপিএম নেতা পার্থ মুখোপাধ্যায় বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি সাধারণ ধর্মঘট কেন্দ্রীয় সরকারের চারটি শ্রমবিধির বিরুদ্ধে করা হচ্ছে। এই শ্রমবিধিগুলি শ্রমিক স্বার্থ বিরোধী।” তিনি আরও জানান, লাগাতার মুদ্রাস্ফীতির কারণে বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলি পুনরায় চালু করার দাবি, কর্মসংস্থান রক্ষা এবং শ্রমিকদের ন্যায্য অধিকার সুনিশ্চিত করার দাবিতেও এই ধর্মঘট ডাকা হয়েছে।
পার্থ মুখোপাধ্যায় আরও বলেন, শনিবারের এই যৌথ কনভেনশনের মাধ্যমে ১২ ফেব্রুয়ারির সাধারণ ধর্মঘটের উদ্দেশ্য ও দাবিসমূহ সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়েছে এবং ধর্মঘট সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।




