ভিডিও

লক্ষ্মীর ভাণ্ডারে ৫০০ টাকা বৃদ্ধি, আনন্দে আবির-মিষ্টিমুখ মহিলাদের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, ফের তাঁকেই ক্ষমতায় দেখতে চান উপভোক্তারা

নির্ভীক বাংলা,হিঙ্গলগঞ্জ | উত্তর ২৪ পরগনা:
রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি পাওয়ার খবরে আনন্দে মেতে উঠলেন রাজ্যের বিভিন্ন প্রান্তের মহিলারা। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে পেশ হওয়া এই শেষ বাজেটেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডারে বড় ঘোষণা করায় উচ্ছ্বাসে ফেটে পড়েন উপভোক্তারা।
নতুন ঘোষণা অনুযায়ী, এতদিন যেসব মহিলা মাসে ১০০০ টাকা করে পেতেন, তাঁরা এবার থেকে ১৫০০ টাকা পাবেন। পাশাপাশি, যাঁরা ১২০০ টাকা ভাতা পেতেন, তাঁদের প্রাপ্য বেড়ে হয়েছে ১৭০০ টাকা। এই বাড়তি আর্থিক সহায়তাকে মহিলাদের স্বনির্ভরতার পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন অনেকেই।
এই খবরে সুন্দরবনের স্যান্ডেলবিল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য আলো বর্মনের নেতৃত্বে মহিলারা আবির খেলায় ও মিষ্টিমুখ করে আনন্দ উদযাপন করেন। উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালী থেকে আম্বেড়িয়া ফুটবল মাঠ পর্যন্ত বিভিন্ন এলাকায় মহিলাদের উচ্ছ্বাসের ছবি ধরা পড়ে।
শুধু হিঙ্গলগঞ্জ নয়, সুন্দরবনের মোট ১০টি ব্লক—স্বরূপনগর, মিনাখাঁ, হাড়োয়া, হাসনাবাদ, বাদুড়িয়া-সহ একাধিক ব্লকের মহিলারাও এই আনন্দে শামিল হন। আবির খেলে ও একে অপরকে মিষ্টি খাইয়ে তাঁরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান।
অনেক মহিলার বক্তব্য, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তাঁদের সংসারের দৈনন্দিন খরচ চালাতে বড় সহায়তা করেছে। বাজেটে ভাতা বৃদ্ধির সিদ্ধান্তে তাঁরা আরও আশ্বস্ত হয়েছেন এবং আগামী দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই আবার রাজ্যের দায়িত্বে দেখতে চান বলে জানান।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প রাজ্যের মহিলাদের আর্থিক নিরাপত্তা ও স্বনির্ভরতার ক্ষেত্রে যে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, তা এদিনের উচ্ছ্বাসেই স্পষ্ট হয়ে উঠেছে।

TAGS

সম্পর্কিত খবর