নির্ভীক বাংলা, স্যামদাস,আসানসোল:
সাফাই কর্মীদের কর্মবিরতির জেরে আসানসোল পৌর নিগমের অন্তর্গত প্রায় সমস্ত এলাকায় জমে উঠেছে জঞ্জালের স্তূপ। গত তিন থেকে চার দিন ধরে কাজ বন্ধ রেখে আন্দোলনে সামিল হয়েছেন সাফাই কর্মীরা। এর জেরে আসানসোল শিল্পাঞ্চলে নিকাশি ও সাফাই ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে।
উল্লেখ্য, আসানসোল পৌর নিগমের প্রতিটি ওয়ার্ডে সাফাই কর্মীরা নিত্যদিন বাড়ি বাড়ি গিয়ে এবং রাস্তার ধারে পড়ে থাকা আবর্জনা সংগ্রহ করে থাকেন। কিন্তু নিজেদের প্রাপ্য অধিকার না পাওয়ার অভিযোগ তুলে তাঁরা কর্মবিরতির পথে হাঁটেন।
এদিনও আসানসোল পৌর নিগম ভবনের সামনে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান সাফাই কর্মীরা। তাঁদের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থা দীর্ঘদিন ধরে তাঁদের প্রভিডেন্ট ফান্ড (PF) জমা দেয়নি। পাশাপাশি প্রত্যেক কর্মীকে সচিত্র পরিচয়পত্র প্রদান এবং সরকারি নিয়ম অনুযায়ী ন্যূনতম ১৫ হাজার টাকা মাসিক বেতন দেওয়ার দাবিও তোলেন তাঁরা।
এই আন্দোলনের জেরে গোটা আসানসোল শিল্পাঞ্চল জুড়ে সাফাই পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। চলতি মাধ্যমিক পরীক্ষা, শবে বরাতের মতো গুরুত্বপূর্ণ সময়ে শহরের পরিচ্ছন্নতা না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও।
আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় জানান, সমস্যা সমাধানে সুষ্ঠু ও আলোচনার পথেই উদ্যোগ নেওয়া হচ্ছে।
অন্যদিকে বিজেপি নেতা রাজা মুখোপাধ্যায়ের অভিযোগ, তৃণমূল সরকার গরিব মানুষের কথা ভাবে না বলেই সাফাই কর্মীরা তাঁদের ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত হচ্ছেন।
এদিকে কংগ্রেস নেতা তথা আসানসোলবাসী প্রসেনজিৎ পুঁইতুন্ডি বলেন, মাধ্যমিক পরীক্ষা ও ধর্মীয় অনুষ্ঠানের সময় শহর অপরিচ্ছন্ন থাকা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
উল্লেখ্য, এদিনও আসানসোল পৌর নিগমে বিক্ষোভ চালিয়ে যান সাফাই কর্মীরা।
বাইট কিউ (Byte Cue):
বাইট: অমরনাথ চট্টোপাধ্যায়, চেয়ারম্যান, আসানসোল পৌর নিগম
বাইট: প্রসেনজিৎ পুঁইতুন্ডি, কংগ্রেস রাজ্য নেতা তথা আসানসোলবাসী
বাইট: রাজা মুখার্জি, বিজেপি নেতা তথা আসানসোলবাসী





