নির্ভীক বাংলা:
রাজ্য সরকারের উদ্যোগে এবং আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষ (এডিডিএ)-র ব্যবস্থাপনায় বুধবার দুপুরে দুর্গাপুরের ব্যস্ততম রাস্তা সঞ্জীব স্মরণীর প্রশস্তিকরণ ও শক্তিকরণ কাজের আনুষ্ঠানিক সূচনা হল। উল্লেখ্য, এই গুরুত্বপূর্ণ রাস্তার ভার্চুয়াল শিলান্যাস করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘদিন ধরে যানজট ও রাস্তার বেহাল অবস্থার সমস্যায় ভুগছিলেন এলাকাবাসী। অবশেষে রাস্তা প্রশস্তিকরণের কাজ শুরু হওয়ায় স্বস্তি ও খুশি প্রকাশ করেছেন স্থানীয় মানুষজন।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন তথা সমবায় দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রী প্রদীপ মজুমদার, এডিডিএ-র চেয়ারম্যান কবি দত্ত, প্রাক্তন বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল, বিশিষ্ট সমাজসেবী উজ্জ্বল মুখোপাধ্যায়, শিল্পপতি নবনীত আগারওয়াল, উদ্যোগপতি সূর্য কেশ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এডিডিএ সূত্রে জানা গেছে, এই রাস্তা নির্মাণ ও উন্নয়নের কাজে প্রায় ২.৫ কোটি টাকা ব্যয় হবে। কাজ সম্পূর্ণ হলে দুর্গাপুর শহরের যান চলাচল আরও মসৃণ হবে এবং সাধারণ মানুষের যাতায়াতে বিশেষ সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে।





