জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক। এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বসতে চলেছে অসংখ্য ছাত্রছাত্রী। ভবিষ্যৎ গড়ার এই সময়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়াল পঁচেট ৪ নম্বর গ্রাম পঞ্চায়েত।
সোমবার পটাশপুর–২ নম্বর ব্লকের অন্তর্গত চন্দনপুর আনন্দ ইনস্টিটিউশন পরীক্ষাকেন্দ্রে পঁচেট গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে মাধ্যমিক পরীক্ষার্থীদের হাতে পেন ও পানীয় জলের বোতল তুলে দেওয়া হয়। পরীক্ষার দিনের মানসিক চাপ ও দুশ্চিন্তার মাঝেও যাতে ছাত্রছাত্রীরা কিছুটা স্বস্তি ও সাহস পায়, সেই উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। গরমের কথা মাথায় রেখে জল এবং পরীক্ষার প্রয়োজনীয় সামগ্রী হিসেবে পেন দেওয়া হয়।
এদিন পরীক্ষার্থীদের হাতে পেন ও জলের বোতল তুলে দেন পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি। তিনি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “মাধ্যমিক জীবনের প্রথম বড় ধাপ। ভয় না পেয়ে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও। তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ।”
পঁচেট গ্রাম পঞ্চায়েতের এই উদ্যোগে খুশি পরীক্ষার্থী ও অভিভাবকরা। তাঁদের মতে, প্রশাসনের এই পাশে থাকার বার্তা ছাত্রছাত্রীদের মনে সাহস ও ইতিবাচক মনোভাব তৈরি করবে। মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পঁচেট গ্রাম পঞ্চায়েত মানবিক দায়িত্ব পালনের নজির গড়ল





