নির্ভীক বাংলা,জামুড়িয়া: জামুড়িয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল গোটা এলাকাজুড়ে। শনিবার গভীর রাতে জামুড়িয়ার ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বোগড়া চট্টি মোড় সংলগ্ন এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় প্রায় ৮ থেকে ১০টি অস্থায়ী দোকান। এই ঘটনায় ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় দোকানদাররা।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত প্রায় বারোটা নাগাদ ৩২ নম্বর ওয়ার্ড সংলগ্ন বোগড়া চট্টি মোড়ের কাছে জাতীয় সড়কের পাশে থাকা একাধিক অস্থায়ী দোকান থেকে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতে। আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় গোটা এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় জামুড়িয়া থানার অন্তর্গত শ্রীপুর ফাঁড়ির পুলিশ। এরপর দমকল বাহিনীকে খবর দেওয়া হলে একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে এসে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলির ভিতরে থাকা আসবাব, খাদ্যসামগ্রী ও অন্যান্য সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে নষ্ট হয়ে যায়।
প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হতে পারে বলে অনুমান করা হচ্ছে, যদিও দমকল ও পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। সৌভাগ্যবশত এই অগ্নিকাণ্ডে কোনও হতাহতের খবর নেই।
ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত দোকানদাররা দিশেহারা হয়ে পড়েছেন। তাঁদের দাবি, দ্রুত ক্ষয়ক্ষতির মূল্যায়ন করে প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হোক।





