নির্ভীক বাংলা,আসানসোল:
শনিবার সকালে আসানসোল আদালত চত্বরে তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের উদ্যোগে এসআইআর-এর বিরুদ্ধে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি সহ তৃণমূল কংগ্রেসের লিগ্যাল সেলের আইনজীবীরা।
সভা থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন মন্ত্রী মলয় ঘটক। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এসআইআর ইস্যুতে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছে। তারা দাবি করেছিল পশ্চিমবঙ্গে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকরা রয়েছে, কিন্তু আজ পর্যন্ত এমন কোনও নাগরিকের অস্তিত্ব প্রমাণ করতে পারেনি কেন্দ্রীয় সরকার।
মন্ত্রী আরও বলেন, গণতন্ত্রে প্রত্যেক নাগরিকের ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু বিজেপি সরকার সেই গণতান্ত্রিক অধিকার হরণ করার চেষ্টা করছে এবং উদ্দেশ্যপ্রণোদিত ভুল প্রচার চালাচ্ছে। তিনি কেন্দ্রীয় সরকারের অতীত প্রতিশ্রুতির কথাও তুলে ধরে বলেন, বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে সারা দেশে ২ কোটি চাকরি এবং প্রত্যেক নাগরিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু গত ১৪ বছরে সেই প্রতিশ্রুতির কোনওটিই বাস্তবায়িত হয়নি।
বর্তমানে এসআইআর-এর মাধ্যমে আবারও সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলে অভিযোগ করেন মন্ত্রী। তিনি বলেন, এই ধরনের বিভ্রান্তিমূলক নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস আগামীতেও আন্দোলন চালিয়ে যাবে।





