ভিডিও

বিয়ের সাজেই এসআইআর শুনানিতে বর ও ৩৮ জন বরযাত্রী, ডায়মন্ড হারবারে চাঞ্চল্য

নির্ভীক বাংলা,ডায়মন্ড হারবার, বাইজিদ মণ্ডল:
বিয়ের দিনেই বিয়ের মণ্ডপে না গিয়ে, বরের সাজে এসআইআর শুনানিতে হাজির হলেন বর এবং তাঁর সঙ্গে ৩৮ জন বরযাত্রী। এমনই চমকপ্রদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ডায়মন্ড হারবারে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডায়মন্ড হারবার বিধানসভার ১ নম্বর ব্লকের বলসিদ্ধি কালিনগর গ্রাম পঞ্চায়েতের সাঠমনিষা ২৬২ নম্বর বুথের বাসিন্দা আনোয়ার হোসেন খানের বিয়ের দিনেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসআইআর (স্পেশাল ইনটেনসিভ রিভিশন) শুনানির নোটিশ আসে। বাধ্য হয়ে বিয়ের সাজেই ষাটমনিষা প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত শুনানি কেন্দ্রে হাজিরা দেন বর।
শুধু বরই নন, তাঁর পরিবারের একাধিক সদস্য ও বরযাত্রী মিলিয়ে মোট ৩৮ জনকে একই দিনে শুনানিতে ডাকা হয়েছিল। ফলে বরযাত্রার একটি বড় অংশ বরের সঙ্গে শুনানি কেন্দ্রে লাইনে দাঁড়িয়ে নথি জমা দেন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, ভোটার তালিকায় নামের বানান ভুল ও আন-ম্যাপিং সংক্রান্ত সমস্যার কারণেই এই শুনানির নোটিশ পাঠানো হয়েছিল। এসআইআরের নামে এইভাবে হিয়ারিংয়ে ডেকে হেনস্থার অভিযোগ তুলে বর ও বরযাত্রীরা প্রতিবাদ জানান।
জানা যায়, পাত্রীর বাড়ি হাওড়ায়। দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তুতি চললেও বিয়ের দিনেই শুনানির নোটিশ আসায় চরম সমস্যায় পড়তে হয় পরিবারকে। বিয়ের নির্ধারিত একাধিক আনুষ্ঠানিকতা সময়মতো সম্পন্ন করা সম্ভব হয়নি বলেও অভিযোগ।
উল্লেখ্য, সংশ্লিষ্ট বুথে প্রায় ১১০০ ভোটারের মধ্যে প্রায় ৫০০ জনকে এসআইআরের নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই ষাটমনিষা প্রাথমিক বিদ্যালয়ের সামনে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা যায়।
বিয়ের মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিগত অনুষ্ঠানের দিনেই শুনানির তারিখ পড়ে যাওয়ায় মানসিক চাপের পাশাপাশি সামাজিক সমস্যার মুখে পড়তে হয়েছে বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।

TAGS

সম্পর্কিত খবর