Nirbhik Bangla
दुर्गापुर

দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে গণরোষ, ধাওয়া ও বাড়ি ভাঙচুর

Abdul Haque
Abdul Haque
24 अगस्त 2026 को 06:16 am बजे
WhatsApp
দুর্গাপুরে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ঘিরে গণরোষ, ধাওয়া ও বাড়ি ভাঙচুর
রাতের অন্ধকারে দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায় প্রবেশ করতেই তীব্র গণরোষের মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল। তাঁকে ধাওয়া করা হয় এবং তাঁর ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে রবিবার রাতে কোক ওভেন থানা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের দাপুটে তৃণমূল নেতা তথা প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডল এবং তাঁর দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ এলাকার সাধারণ মানুষের মনে পুঞ্জীভূত হচ্ছিল। রবিবার রাতে তিনি নিজের বাড়িতে ফিরছেন, এই খবর চাউর হতেই এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা এবং স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকরা একত্রিত হয়ে তাঁর বাড়িটি ঘিরে ফেলেন।

পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দীর্ঘক্ষণ ধরে চলা এই উত্তেজনা ও বিক্ষোভের জেরে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটে। খবর পেয়ে কোক ওভেন থানা থেকে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং বিক্ষুব্ধ ভিড়কে ছত্রভঙ্গ করতে পুলিশকে শেষ পর্যন্ত লাঠিচার্জ করতে হয়। এমনকি পরিস্থিতি আরও আয়ত্তে আনতে কাঁদানে গ্যাসের সেলও ফাটানো হয়।

পুলিশ দীর্ঘ চেষ্টার পর অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর শশাঙ্ক শেখর মণ্ডলকে উদ্ধার করে আটক করে থানায় নিয়ে যায়। তবে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগ তুলেছেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, পুলিশের নির্বিচার লাঠিচার্জে বেশ কয়েকজন সাধারণ মানুষ ও আন্দোলনকারী আহত হয়েছেন। এই ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां