Nirbhik Bangla
जीवन शैली

পথশ্রী প্রকল্পের রাস্তা ঘিরে চরম উত্তেজনা, মহিলাদের উপর হামলার অভিযোগ

নির্ভীক বাংলা,বাঁকুড়া: রাজ্য সরকারের ‘পথশ্রী প্রকল্পে’ নির্মীয়মাণ রাস্তা ঘিরে চরম বিবাদে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার জগদল্লা গ্রাম। ঘটনাস্থল বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা গ...

Abdul Haque
Abdul Haque
31 मई 2026 को 11:36 pm बजे
WhatsApp
পথশ্রী প্রকল্পের রাস্তা ঘিরে চরম উত্তেজনা, মহিলাদের উপর হামলার অভিযোগ
निडर बंगाली: बांकुडी जिले का जगदल्ला गांव राज्य सरकार की 'पथश्री परियोजना' के तहत बनाई जा रही सड़क को लेकर भारी विवाद में है। घटना की|निर्भीक बांग्ला फोटो

নির্ভীক বাংলা,বাঁকুড়া: রাজ্য সরকারের ‘পথশ্রী প্রকল্পে’ নির্মীয়মাণ রাস্তা ঘিরে চরম বিবাদে উত্তপ্ত হয়ে উঠল বাঁকুড়া জেলার জগদল্লা গ্রাম। ঘটনাস্থল বাঁকুড়া ১ নম্বর ব্লকের জগদল্লা গ্রামের রজকপাড়া। অভিযোগ, আচমকাই মহিলাদের উপর চড়াও হয়ে ইঁট-পাটকেল ছোড়ে কিছু যুবক। এতে গুরুতর জখম হন এক মহিলা পঞ্চায়েত সদস্যসহ মোট ছয় জন মহিলা। স্থানীয় সূত্রে জানা যায়, রজকপাড়া থেকে রাজ্য সড়ক পর্যন্ত একটি পাকা রাস্তার দাবি দীর্ঘদিনের ছিল এলাকাবাসীর। সেই দাবি মেনে রাজ্য সরকারের পথশ্রী প্রকল্পের আওতায় রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও, শুরু থেকেই রজকপাড়া ও সংলগ্ন বাউরি পাড়ার বাসিন্দাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। প্রশাসনিক তৎপরতায় বাঁকুড়া সদর থানার পুলিশের উপস্থিতিতে দুই পাড়ার প্রতিনিধিদের নিয়ে একাধিকবার আলোচনাও হয় এবং সাময়িকভাবে সমাধান সূত্র বের হয়েছিল বলে জানা যায়। তবে গতকাল সন্ধ্যায় সেই বিবাদ ফের চরম আকার নেয়। রজকপাড়ার বাসিন্দাদের অভিযোগ, প্রতিদিনের মতো সন্ধ্যাবেলা পাড়ার নিকটবর্তী ক্লাবের সামনে কয়েকজন মহিলা গল্প করছিলেন। সেই সময় আচমকাই বাউরি পাড়ার কিছু যুবক তাদের লক্ষ্য করে ইঁট ও পাটকেল ছুড়তে শুরু করে। এতে স্থানীয় এক মহিলা পঞ্চায়েত সদস্যসহ ছয়জন গুরুতর আহত হন। অভিযোগ, কয়েকজনের মাথা ফেটে যায় এবং এক মহিলার পেটে লাথি মারার ঘটনাও ঘটে। আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও বাউরি পাড়ার যুবকদের বিরুদ্ধে ওঠা অভিযোগ সম্পূর্ণভাবে অস্বীকার করেছে তাদের পরিবার। তাদের দাবি, কিছু বিরূপ মন্তব্যের প্রতিবাদ জানাতেই গিয়েছিল ছেলেরা, সেখান থেকেই ঝামেলার সূত্রপাত। মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি তাদের। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বাঁকুড়া সদর থানার বিশাল পুলিশ বাহিনী। রজকপাড়ার তরফে দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং প্রাথমিক তথ্যপ্রমাণের ভিত্তিতে দু’জন যুবককে আটক করেছে। আর কয়েক মাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। নির্বাচনের প্রাক্কালে পথশ্রী প্রকল্পের রাস্তা ঘিরে দুই পাড়ার এই চরম বিবাদ রাজনৈতিক মহলেও চর্চার বিষয় হয়ে উঠেছে। যদিও ঘটনায় সরাসরি কোনও রাজনৈতিক রং স্পষ্ট নয়, তবুও আসন্ন বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 टिप्पणियां
পথশ্রী প্রকল্পের রাস্তা ঘিরে চরম উত্তেজনা, মহিলাদের উপর হামলার অভিযোগ | Nirbhik Bangla | নির্ভীক বাংলা