রবিবার কুলটি বিধানসভা এলাকার আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত ধেমোমেন শিবমন্দির এলাকায় হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে এক তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত হয়ে এসেছিলেন আসানসোল পুরনিগমের ৫৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া। অভিযোগ, তাঁকে এলাকায় প্রবেশ করতে দেখেই সাধারণ মানুষের একাংশের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় এবং মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, প্রাক্তন কাউন্সিলর ও তাঁর সঙ্গীরা অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পরেই এলাকার ক্ষুব্ধ মানুষ তাঁদের ওপর চড়াও হন। মুহূর্তের মধ্যে শুরু হয় ব্যাপক ইটবৃষ্টি। এই আকস্মিক হামলায় প্রাক্তন কাউন্সিলরের গাড়ির চালক এবং অনুষ্ঠানের বেশ কয়েকজন আয়োজক গুরুতরভাবে আহত হন। ঘটনার জেরে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উৎসবের আনন্দ মুহূর্তের মধ্যে পণ্ড হয়ে যায়।
আক্রান্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই হামলার নেপথ্যে রাজনৈতিক প্ররোচনা রয়েছে এবং যারা এই তাণ্ডব চালিয়েছে তারা প্রত্যেকেই স্থানীয় চিহ্নিত বিজেপি কর্মী ও সমর্থক। তবে প্রাক্তন তৃণমূল কাউন্সিলর সঞ্জয় নোনিয়া সরাসরি রাজনৈতিক দল হিসেবে বিজেপির দিকে আঙুল না তুললেও ঘটনার তীব্র নিন্দা করেছেন এবং অবিলম্বে প্রকৃত দুষ্কৃতীদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
খবর পেয়ে দ্রুত আসানসোল দক্ষিণ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগী হয়। পুলিশের হস্তক্ষেপে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় এখনও থমথমে ভাব বজায় রয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলার ঘটনায় জড়িতদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
आसनसोल
কুলটিতে হরিনাম সংকীর্তনে ধুন্ধুমার, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের গাড়িতে ইটবৃষ্টি, আহত একাধিক

