अपराध
সরকারি চাল-গম পাচার রুখে দিল বিজেপি, আটক চার। সগরভাঙা কলোনিতে উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ

দুর্গাপুর:- সরকারি রেশনের চাল-গম বেআইনিভাবে পাচারের অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত সগরভাঙা কলোনির জি-ব্লক মাঠ এলাকায়। অভিযোগ, রেশন গ্রাহকদের কাছ থেকে বেশি দামে চাল-গম কিনে ভিন জেলায় পাচার করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে বিজেপি কর্মী-সমর্থকরা চার পাচারকারীকে আটকে দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি সপ্তাহে পাড়ায় পাড়ায় সরকারি রেশন দেওয়ার ব্যবস্থা রয়েছে। সেইমতো রবিবার সগরভাঙা কলোনির জি-ব্লক মাঠে রেশন বিতরণ চলছিল। অভিযোগ, রেশন গ্রাহকদের কাছ থেকে চড়া দামে চাল-গম কিনে সাইকেল ও মোটরবাইকে করে বীরভূমের জয়দেব ও ইলামবাজার এলাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করছিল কয়েকজন।
অভিযোগ, সেই সময় বিজেপি নেতা রূপম লাহার নেতৃত্বে বিজেপি কর্মী-সমর্থকরা তাদের আটকে দেন। খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চারজনকে আটক করা হয়।
टैग:Nirbhikbangla
