*
আসানসোল: শহরের যানজট নিয়ন্ত্রণে বেশ কয়েকদিন ধরেই গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে একমুখী যান চলাচল ব্যবস্থা চালু করা হয়েছে। পাশাপাশি আসানসোল শহরের জিটি রোডে টোটো চলাচলেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ব্যারিকেড করে টোটো ও অন্যান্য যানবাহন নিয়ন্ত্রণ করা হচ্ছে।
এই রুট পরিবর্তনের ফলে বিশেষ করে আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার বানপুরের টোটো চালকেরা সমস্যার মুখে পড়েন। তাঁদের সমস্যার কথা রাজ্যের মন্ত্রী তথা আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে জানানো হয়।
এরপর বিষয়টি নিয়ে অগ্নিমিত্রা পাল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ট্রাফিক বিভাগের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি আসানসোল পৌর নিগমের কমিশনারের সঙ্গেও বিষয়টি নিয়ে আলোচনা হয়।
আলোচনার পর টোটো চলাচলের জন্য বেশ কিছু নির্দিষ্ট রুট চিহ্নিত করে নতুন রুট ম্যাপ তৈরি করা হয়। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সেই রুট ম্যাপ প্রকাশ করা হয়। নতুন রুট অনুযায়ী বানপুর থেকে আসানসোলের BNR মোড়, ভগৎ সিং মোড়, রেলওয়ে স্টেশন, বাসস্ট্যান্ড-সহ শহরের বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকায় টোটো চলাচলের নির্দিষ্ট পথ ঠিক করা হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী দিনে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তে এই নতুন রুট ম্যাপ লাগানো হবে, যাতে টোটো চালকেরা নির্দিষ্ট রুট সম্পর্কে স্পষ্ট ধারণা পান এবং যান চলাচল নিয়ম মেনে পরিচালিত হয়।
সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক যশেশ্বর অভিনাশ ভীমরাও, আসানসোল পৌর নিগমের নতুন কমিশনার দিলীপ মিশ্র-সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা

