*
দীর্ঘদিনের অপেক্ষার অবসানের আশায় দিন গুনছেন বেলপাহাড়ির জামিরডিহা গ্রামের লুলকি মাহাতো। তাঁর মেয়ে জবা মাহাতো দীর্ঘদিন ধরে মাওবাদী সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। বুধবার বাঁকুড়া জেলা পুলিশের কাছে অস্ত্র-সহ আত্মসমর্পণ করলেন জবা। এরপরই মেয়েকে আবার নিজের কাছে ফিরে পাওয়ার আশায় বুক বাঁধছেন মা।
বাঁকুড়া পুলিশ লাইনে রাজ্য পুলিশের এডিজি আনন্দ কুমারের সামনে আত্মসমর্পণ করেন বেলপাহাড়ির বাঁশপাহাড়ী এলাকার জামিরডিহা গ্রামের বাসিন্দা জবা। তাঁর সঙ্গে আরও দু’জন মাওবাদী নেতা-নেত্রীও আত্মসমর্পণ করেন বলে জানা গিয়েছে।
আত্মসমর্পণের পর জবা জানান, সশস্ত্র আন্দোলনের পথ ছেড়ে শান্তি ও স্বাভাবিক জীবনে ফিরতেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হয়ে নতুনভাবে জীবন শুরু করার ইচ্ছার কথাও জানান জবা। পাশাপাশি রাজ্য সরকারের পুনর্বাসন নীতির উপর আস্থা প্রকাশ করেন তিনি।
মেয়ের আত্মসমর্পণের খবর গ্রামে পৌঁছতেই পরিবারের সদস্যদের মধ্যে স্বস্তি নেমে আসে। জবার মা লুলকি মাহাতোর আশা, দুর্গাপুজোর আগেই মেয়েকে ঘরে ফিরে পাবেন তিনি। দীর্ঘদিন পর মেয়েকে কাছে পেয়ে নিজের হাতে পছন্দের খাবার রান্না করে খাওয়ানোর ইচ্ছা রয়েছে তাঁর। তাই এখন মেয়ের ফেরার অপেক্ষাতেই দিন কাটছে বৃদ্ধা মায়ের।
Sports
মাওবাদী নেত্রী জবার আত্মসমর্পণ, দুর্গাপুজোর আগে মেয়েকে ঘরে ফেরার অপেক্ষায় মা*

Tags:Nirbhikbangla
