State
একাদশীতে রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে শিল্প প্রতিমন্ত্রী, সনাতন ধর্ম নিয়ে একাধিক মন্তব্য

রানীগঞ্জ: একাদশীর পূর্ণ তিথিতে রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে পুজো দিতে গেলেন রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্রা। মন্দিরে পুজো দিয়ে নিজের দীর্ঘদিনের খাটু শ্যাম ভক্তির কথা তুলে ধরেন তিনি।
মন্ত্রী জানান, বর্ধমানের খাটু শ্যাম মন্দিরে তিনি নিয়মিত পুজো দিতে যান এবং প্রত্যেক একাদশীতেই মন্দিরে যাওয়ার চেষ্টা করেন। প্রচারের সময়ও তিনি একাধিকবার খাটু শ্যাম বাবার মন্দিরে গিয়েছেন বলে জানান। রানীগঞ্জের এই মন্দিরে এদিনই তাঁর প্রথম আসা বলেও জানান তিনি।
খাটু শ্যামের মূল মন্দির রাজস্থানের খাটুতে। সেখানে যাওয়ার ইচ্ছার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, নির্বাচনের পর খাটু শ্যামের মূল মন্দিরে যাওয়ার কথা তিনি জানিয়েছিলেন। রানীগঞ্জের মন্দিরে এসে তাঁর মন শান্তি পেয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
মৌমিতা বিশ্বাস মিশ্রা বলেন, জীবনে দুঃখ-কষ্ট থাকলেও মন্দিরে এসে মানুষ শান্তি খোঁজেন। ঈশ্বরের কাছে নিজের কথা তুলে ধরে আশীর্বাদ নেওয়ার কথাও বলেন তিনি।
এরপরই রাজ্যের ধর্মীয় পরিবেশ নিয়ে একাধিক রাজনৈতিক মন্তব্য করেন শিল্প প্রতিমন্ত্রী। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সনাতন ধর্মকে মুছে দেওয়ার চক্রান্ত চলেছে। তাঁর অভিযোগ, আগের সরকারের সময়ে রাম নাম নেওয়া থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান নিয়েও মানুষের মধ্যে আশঙ্কা ছিল।
বর্তমান সরকারের আমলে সনাতন ধর্মের মানুষ নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান আরও নির্ভয়ে পালন করতে পারছেন বলেও দাবি করেন তিনি।
রথযাত্রা, তারকেশ্বরের শিবের গাজন এবং কৌশিকী অমাবস্যার মতো বিভিন্ন ধর্মীয় আয়োজনের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, সরকার ঐতিহ্যবাহী ধর্মীয় অনুষ্ঠানগুলির পাশে দাঁড়াচ্ছে।
তাঁর বক্তব্য, বর্তমানে সনাতন ধর্মের মানুষ নিজেদের বাড়িতে পুজো করার পাশাপাশি প্রকাশ্যে রাম নামও নিতে পারছেন। এই পরিবর্তনকেই তিনি মানুষের কাছে শান্তি ও স্বস্তির বিষয় হিসেবে তুলে ধরেন।
রানীগঞ্জের খাটু শ্যাম মন্দিরে একাদশীর পুজো ঘিরে এদিন ভক্তদের মধ্যেও ছিল উৎসাহ।
Tags:Nirbhikbangla
