দুর্গাপুর: তন্ত্রসাধনার নামে বশীকরণের মতো কুসংস্কার এবং অন্ধবিশ্বাসের জেরে এক রোমহর্ষক ও নৃশংস হত্যাকাণ্ডের সাক্ষী থাকল দুর্গাপুরের কাঁকসা থানার অন্তর্গত শিলামপুর এলাকা। পারিবারিক বিবাদ ও অন্ধবিশ্বাসের জেরে নিজ স্ত্রী এবং বাবাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই লোমহর্ষক ঘটনায় পুরো এলাকায় চরম আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত যুবকের নাম মঙ্গল চৌধুরী। অভিযোগ, তন্ত্রসাধনায় আসক্ত হয়ে মঙ্গল চৌধুরী প্রথমে তার স্ত্রী রম্পা চৌধুরীকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে এবং তার ছিন্ন মুন্ডু স্থানীয় একটি মন্দিরে এনে রেখে দেয়। এখানেই শেষ নয়, এরপর সে তার বাবা রাজেন্দ্র চৌধুরীকেও নৃশংসভাবে হত্যা করে এবং তাঁর মৃতদেহ বাড়ির উঠোনেই ফেলে রাখে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গত কাল রাত্রি আটটা নাগাদ এই ভয়ঙ্কর হত্যাকাণ্ড ঘটে। শিলামপুর এলাকার মানা চরের কাছে দামোদর নদের তীরবর্তী এই এলাকাটি মূলত সোনামুখী থানার সীমানা ঘেঁষা। ঘটনার আকস্মিকতা এবং নৃশংসতায় স্থানীয় বাসিন্দারা স্তম্ভিত হয়ে যান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও ফরেনসিক দল। ঘাতক মঙ্গল চৌধুরীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে এবং কী কারণে এই খুন, তা খতিয়ে দেখতে পুলিশি জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এই ঘটনার নেপথ্য কি সত্যিই কোনো তান্ত্রিক বশীকরণের প্রভাব, নাকি এর পেছনে অন্য কোনো পারিবারিক অশান্তি ও মানসিক অবসাদ কাজ করছিল, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Crime
দুর্গাপুরে অন্ধবিশ্বাসের বলি ২: স্ত্রীকে শিরশ্ছেদ করে মন্দিরে রাখল যুবক, খুন বাবাও!

Tags:Nirbhikbangla
