Nirbhik Bangla
State

The Chief Minister's strict message on Jalpaiguri tour, administration active in allegations of irregularities in multiple projects

নির্ভীক বাংলা,জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের পুরমন্ত্রী হওয়ার পর প্রথমবার জলপাইগুড়ি সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখে প্রশাসনিক মহলে তৎপরতা বাড়ালেন মন...

Abdul Haque
Abdul Haque
August 4, 2026 at 07:36 PM
WhatsApp
The Chief Minister's strict message on Jalpaiguri tour, administration active in allegations of irregularities in multiple projects
নির্ভীক বাংলা,জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের পুরমন্ত্রী হওয়ার পর প্রথমবার জলপাইগুড়ি সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়|Nirbhik Bangla Photo

নির্ভীক বাংলা,জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতা: রাজ্যের পুরমন্ত্রী হওয়ার পর প্রথমবার জলপাইগুড়ি সফরে এসে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের কাজ খতিয়ে দেখে প্রশাসনিক মহলে তৎপরতা বাড়ালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকাল থেকে জেলার বিভিন্ন এলাকায় পরিদর্শন করে নাগরিক পরিষেবা, পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সমস্যার বাস্তব চিত্র তুলে ধরেন তিনি। সোমবার সন্ধ্যায় জলপাইগুড়িতে পৌঁছে সার্কিট হাউসে রাত্রিযাপন করার পর মঙ্গলবার সকালে একাধিক সরকারি দফতরের আধিকারিকদের নিয়ে পরিদর্শনে বের হন মন্ত্রী। প্রথমেই তিনি তিস্তা নদী সংলগ্ন আমরুত (AMRUT) প্রকল্পের কাজ পরিদর্শন করেন। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে সম্পূর্ণ না হওয়ায় বহু মানুষ এখনও পর্যাপ্ত পানীয় জল পরিষেবা পাচ্ছেন না। সাধারণ মানুষের উপস্থিতিতেই সংশ্লিষ্ট আধিকারিকদের এক মাসের মধ্যে সমস্যার সমাধানের নির্দেশ দেন মন্ত্রী। পাশাপাশি তিনি সতর্ক করে জানান, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ না হলে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। এরপর তিনি আমরুত ভারত প্রকল্পের অধীনে নির্মিত জল পরিশোধন কেন্দ্র পরিদর্শন করেন। সেখানে স্থানীয় বিধায়ক ও প্রশাসনিক কর্তাদের উপস্থিতিতে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ খতিয়ে দেখেন তিনি। সংশ্লিষ্ট আধিকারিকদের দ্রুত কাজ সম্পূর্ণ করার নির্দেশও দেন। পরিদর্শনের সময় বালাপাড়া এলাকার বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের সমস্যার কথা মন্ত্রীর সামনে তুলে ধরেন। অভিযোগ, এলাকার ডাম্পিং গ্রাউন্ড থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে এবং রেলের আন্ডারপাসে সারা বছর জল জমে থাকায় যাতায়াতে চরম অসুবিধা হচ্ছে। অভিযোগ শোনার পর মন্ত্রী সরাসরি ডাম্পিং গ্রাউন্ড পরিদর্শনে যান এবং এক সপ্তাহের মধ্যে আবর্জনা অপসারণ ও বিকল্প ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। মন্ত্রী জানান, আগামী এক মাস পরে তিনি ফের জেলায় এসে প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করবেন। নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পূর্ণ না হলে সংশ্লিষ্ট আধিকারিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি স্পষ্ট করেন। শহরকে পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে প্রকাশ্যে থুতু ফেলা, পান-গুটখার পিক ছড়ানো কিংবা খোলা জায়গায় মূত্রত্যাগের বিরুদ্ধে কড়া অবস্থান নেওয়ার কথাও ঘোষণা করেন মন্ত্রী। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে জরিমানা ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি। এছাড়াও জেলার বিভিন্ন এলাকায় বেআইনি নির্মাণের অভিযোগের বিষয়েও প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। একই সঙ্গে পূর্ববর্তী সময়ে সংবাদমাধ্যমের কর্মীদের উপর হামলা ও অত্যাচারের অভিযোগ সম্পর্কিত বিষয়গুলিও খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন। একদিনের এই সফরে নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস এবং সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে প্রশাসনকে সক্রিয় ভূমিকা নেওয়ার নির্দেশ দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া লক্ষ্য করা গিয়েছে। তবে মন্ত্রীর নির্দেশ অনুযায়ী প্রকল্পগুলির বাস্তব অগ্রগতি কতটা হয়, এখন সেদিকেই নজর জেলার বাসিন্দাদের।

Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
12 Comments