শ্যাম দাস, আসানসোল: সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবা এবং সুযোগ-সুবিধার মান খতিয়ে দেখতে এবার আসানসোল জেলা হাসপাতালে আচমকা পরিদর্শনে গেলেন আসানসোল উত্তরের জনপ্রিয় বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি। শুক্রবার পূর্বঘোষণা ছাড়াই হঠাৎ জেলা হাসপাতালে হাজির হন তিনি, যা ঘিরে হাসপাতাল চত্বরে ও স্বাস্থ্যকর্মীদের মধ্যে শুরু হয় তৎপরতা।
এদিন হাসপাতালে পৌঁছে বিধায়ক প্রথমে সোজা চলে যান রোগীদের খাবার তৈরির ক্যান্টিনে। সেখানে কীভাবে রান্না হচ্ছে, খাদ্যের মান কেমন এবং পরিচ্ছন্নতা বজায় রাখা হচ্ছে কি না, তা খুঁটিয়ে দেখেন তিনি। এরপর তিনি যান রোগীদের পরিবারের সদস্যদের জন্য নির্ধারিত ক্যান্টিনটিতেও। সমস্ত দিক ঘুরে দেখার পর হাসপাতালের সামগ্রিক বন্দোবস্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেন বিধায়ক।
পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক কৃষ্ণেন্দু মুখার্জি জানান, রোগীদের ক্যান্টিনের সার্বিক পরিস্থিতি ও খাবারের মান সন্তোষজনক রয়েছে এবং সেখানে সবকিছুই ঠিকঠাকভাবে চলছে। তবে রোগীদের পরিবারের ক্যান্টিন পরিদর্শনের সময় কিছু ত্রুটি তাঁর নজরে আসে। তিনি দেখতে পান, সেখানে রাখা খাবারগুলি খোলা বা আঢাকা অবস্থায় রয়েছে, যা স্বাস্থ্যবিধি এবং জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে। এই বিষয়ে তিনি অত্যন্ত গুরুত্বের সাথে অসন্তোষ প্রকাশ করেন এবং অবিলম্বে সমস্ত খাবার সঠিকভাবে ঢেকে রাখার জন্য ক্যান্টিন কর্তৃপক্ষকে কড়া নির্দেশ ও পরামর্শ দেন। বিধায়কের এই আকস্মিক পরিদর্শনে হাসপাতালের পরিচ্ছন্নতা ও সেবামূলক কাজের মান আরও উন্নত হবে বলেই মনে করছেন সচেতন নাগরিকরা।

