Nirbhik Bangla
রাজনীতি

তৃণমূল ছেড়ে কংগ্রেসে মহিলা বাহিনী, শিল্পাঞ্চলে তীব্র রাজনৈতিক জল্পনা

Abdul Haque
Abdul Haque
২৩ আগস্ট, ২০২৬ এ ০৪:১৬ PM
WhatsApp
তৃণমূল ছেড়ে কংগ্রেসে মহিলা বাহিনী, শিল্পাঞ্চলে তীব্র রাজনৈতিক জল্পনা
Nirbhik Bangla Photo
নির্ভীক বাংলা , আসানসোল: আসানসোলের রাজনৈতিক ময়দানে বড়সড় পটপরিবর্তনের ইঙ্গিত দিয়ে শাসকদল তৃণমূল কংগ্রেসকে বড় ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিলেন একাধিক মহিলা কর্মী ও নেত্রী। রবিবার আসানসোলের ব্যস্ততম জিটি রোডের গীর্জা মোড় সংলগ্ন জেলা কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এক বিশেষ মহিলা কংগ্রেসের সাংগঠনিক কর্মসূচিতে এই দলবদলের ঘটনা ঘটে। এদিনের এই রাজনৈতিক পালাবদলকে কেন্দ্র করে শিল্পাঞ্চলের রাজনৈতিক মহলে ইতিমধ্যে তীব্র চাঞ্চল্য ও জল্পনা শুরু হয়েছে।

কংগ্রেস সূত্রে দাবি করা হয়েছে, এদিন বারাবনি, কুলটি এবং আসানসোল দক্ষিণ ব্লক থেকে তৃণমূল কংগ্রেস ছেড়ে মোট ৬৬ জন মহিলা কর্মী-সমর্থক আনুষ্ঠানিকভাবে কংগ্রেসের হাত ধরেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আসন্ন নির্বাচনগুলির আগে তৃণমূলের মহিলা সংগঠনে এই ধরনের ভাঙন শাসকদলের অন্দরের ক্ষোভকেই উসকে দিচ্ছে।

জানা গিয়েছে, কুলটি ব্লকের তৃণমূল মহিলা সংগঠনের প্রভাবশালী নেত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় সেনগুপ্তের নেতৃত্বে প্রায় ৩০ জন তৃণমূল কর্মী দলত্যাগ করে কংগ্রেসে নাম লেখান। একইসঙ্গে, বারাবনি ব্লক থেকেও বড় ধাক্কা খায় শাসকদল। সেখানে মানশীলা কুমারী পাণ্ডের নেতৃত্বে আরও প্রায় ৩০ জন মহিলা কংগ্রেসে যোগদান করেন। পাশাপাশি, আসানসোল দক্ষিণ ব্লক থেকেও তৃণমূল মহিলা কংগ্রেসের আরও ছয়জন সক্রিয় কর্মী রাজ্যের শাসকশিবির ছেড়ে কংগ্রেসের পতাকা নিজেদের হাতে তুলে নেন।

রবিবারের এই যোগদান মেলা ও সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী শ্রাবন্তী সিং, জেলা মহিলা কংগ্রেসের আসানসোলের সভানেত্রী শ্রীলতা বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট কংগ্রেস নেত্রী তথা আইনজীবী শম্পা সরকার সহ দলের অন্যান্য শীর্ষস্থানীয় নেতৃত্ব। নতুন যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে তাদের স্বাগত জানান নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের মঞ্চ থেকে কংগ্রেস নেতৃত্বের দাবি, তৃণমূল ছেড়ে আসা এই সমস্ত মহিলা কর্মীদের দলীয় শক্তি পশ্চিম বর্ধমান জেলায় মহিলা কংগ্রেসের সংগঠনকে বহুগুণ শক্তিশালী করবে। আগামী দিনে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে বিভিন্ন স্তরের নির্বাচনে শাসকদলকে কড়া টক্কর দিতে এবং সংগঠনকে আরও মজবুত করার লক্ষ্যেই এই ধরনের ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করা হচ্ছে।

রাজনৈতিক মহলের অভিমত, তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মী-সমর্থকদের মধ্যে যেভাবে দলবদলের প্রবণতা বাড়ছে, তা আগামী দিনে এই শিল্পাঞ্চলে কংগ্রেসের হারানো রাজনৈতিক জমি পুনরুদ্ধার করতে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
ট্যাগসমূহ:Nirbhikbangla
Abdul Haque
Abdul Haque

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য