দুর্গাপুর: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের আড়া মোড় এলাকা। বেহাল নিকাশি ব্যবস্থার কারণে রাস্তায় জল জমে যাওয়ায় চরম ভোগান্তির শিকার হয়েছেন স্থানীয় বাসিন্দা ও পথচলতি সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এবং বেহাল নিকাশি ব্যবস্থা সচল করতে সরাসরি মাঠে নামলেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়।
এদিন পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছান বিধায়ক। তাঁর অভিযোগ, মুচিপাড়া এলাকা থেকে মিশন হাসপাতালের সামনে দিয়ে আসা বৃষ্টির জল এসে জমা হয় আড়া মোড়ের নিকাশি নালায়। কিন্তু দীর্ঘদিন ধরে এই প্রধান ড্রেনটি পরিষ্কার না হওয়ার কারণে জল নিষ্কাশন ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। এর পাশাপাশি, ড্রেনের ওপর জবরদস্তি দোকান ও অফিস তৈরি হওয়ার কারণে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই হাঁটু জল জমে যায় আড়া মোড় চত্বরে। এই সমস্যার স্থায়ী সমাধানে সরব হয়ে বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় জানান, অপরিকল্পিত জবরদখলের কারণেই আজ এই দুর্গতি। তাঁর কথায়, "ড্রেন দখল করে দোকান তৈরি হওয়ায় নিকাশি ব্যবস্থা পুরোপুরি আটকে রয়েছে। ড্রেনেজ ব্যবস্থা পর্যাপ্ত না থাকা সত্ত্বেও প্রশাসনের কিছু অংশের মদতে পঞ্চায়েতের পক্ষ থেকে যত্রতত্র হাইরাইজ নির্মাণের অনুমতি দেওয়া হয়েছে। যার ফলে বর্ষার জল বের হতে না পেরে এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হচ্ছে।"
এছাড়াও, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ-র (ADDA) জমি বেআইনিভাবে দখল করে একাধিক রাজনৈতিক ও বাণিজ্যিক অফিস তৈরি করা হয়েছে বলে অভিযোগ তোলেন তিনি। বিধায়কের স্পষ্ট বক্তব্য, ড্রেনের ওপর এই ধরনের স্থায়ী নির্মাণ থাকার কারণে পৌরসভার পক্ষেও নালা পরিষ্কার করা সম্ভব হচ্ছিল না। এই দিন সমস্ত প্রশাসনিক জটিলতা এড়িয়ে নিজের উদ্যোগে সেই সমস্ত দখলদারি সরিয়ে ড্রেন পরিষ্কারের কাজ শুরু করেন বিধায়ক।
ভবিষ্যতে যাতে এই ধরনের সমস্যার পুনরাবৃত্তি না ঘটে, তার জন্য কঠোর নির্দেশ দিয়েছেন বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ড্রেনের ওপর আর কোনওভাবেই পাকা বা সিমেন্টের স্ল্যাব ব্যবহার করা যাবে না। পরিবর্তে সেখানে লোহার গ্রিল লাগাতে হবে, যাতে সহজেই নিয়মিত ড্রেন পরিষ্কার করা যায় এবং আড়া মোড়ের নিকাশি ব্যবস্থা সবসময় স্বাভাবিক রাখা সম্ভব হয়। বিধায়কের এই আকস্মিক পদক্ষেপে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
দুর্গাপুর
দুর্গাপুরে জলমগ্ন পরিস্থিতি এড়াতে ড্রেনের ওপর কংক্রিট নয়, লাগাতে হবে লোহার গ্রিল

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Durgapur
