Nirbhik Bangla
দুর্গাপুর

দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা বড়সড় গ্যাস বিস্ফোরণ থেকে

নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
১৪ সেপ্টেম্বর, ২০২৬ এ ০২:৩৫ PM
WhatsApp
দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা বড়সড় গ্যাস বিস্ফোরণ থেকে
Nirbhik Bangla Photo
১৯ নম্বর জাতীয় সড়কে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা! সোমবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে কাঁকসা থানার অন্তর্গত বাঁশকোপা টোলপ্লাজায়। তিন-তিনটি গাড়ির ক্রমান্বয়ে সংঘর্ষের জেরে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। অল্পের জন্য বড়সড় গ্যাস বিস্ফোরণের হাত থেকে রক্ষা পেয়েছে জাতীয় সড়ক চত্বর। এই মর্মান্তিক ঘটনায় তিনটি গাড়ির চালক ও খালাসি সহ বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে আসানসোলের দিক থেকে কলকাতার অভিমুখে দ্রুত গতিতে ধেয়ে আসছিল একটি কনটেইনার। বাঁশকোপা টোলপ্লাজার কাছে পৌঁছতেই চালক হঠাৎ গাড়ির নিয়ন্ত্রণ হারান। নিয়ন্ত্রণ হারিয়ে ভারী কনটেইনারটি সোজা গিয়ে তীব্র গতিতে ধাক্কা মারে সামনে থাকা একটি পিকআপ ভ্যানের পেছনে। ধাক্কার অভিঘাত এতই মারাত্মক ছিল যে, পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সোজা ডিভাইডারের ওপর উঠে যায় এবং লাফিয়ে উল্টো লেনে ছিটকে পড়ে। ঠিক সেই মুহূর্তেই বিপরীত দিক অর্থাৎ হলদিয়া থেকে গোরখপুরের উদ্দেশ্যে যাওয়া একটি তরল গ্যাসে বোঝাই ট্যাঙ্কার চলে এলে, পিকআপ ভ্যানটি সজোরে সেই ট্যাঙ্কারে গিয়ে ধাক্কা মারে।

পরপর তিনটি গাড়ির বিকট সংঘর্ষের শব্দে কেঁপে ওঠে পুরো টোলপ্লাজা এলাকা। দুর্ঘটনাস্থলেই দুমড়ে-মুচড়ে যায় গাড়িগুলি। এর ফলে গাড়ির ভেতর আটকে পড়েন চালক ও খালাসিরা। ঘটনার আকস্মিকতায় টোলপ্লাজার কর্মী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানা এবং কাঁকসা ট্রাফিক গার্ডের বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় দমকল ও জাতীয় সড়ক কর্তৃপক্ষকেও।

পুলিশ ও স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়ে রক্তাক্ত অবস্থায় আহত চালক ও খালাসিদের উদ্ধার করে দুর্গাপুরের স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছান কাঁকসা ট্রাফিক গার্ডের এসিপি। এছাড়া পরিস্থিতি সামাল দিতে দমকলের একটি ইঞ্জিন দ্রুত দুর্ঘটনাস্থলে চলে আসে। সবচেয়ে আশঙ্কার বিষয় ছিল, উল্টো লেন থেকে আসা ট্যাঙ্কারটি সম্পূর্ণ গ্যাস ভর্তি ছিল। ধাক্কার ফলে ট্যাঙ্কার থেকে গ্যাস লিক করে বড় কোনো বিস্ফোরণ ঘটে কি না, তা নিয়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। তবে দমকল কর্মী ও পুলিশের দ্রুত ও তৎপর পদক্ষেপের ফলে কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই বড়সড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়।

দুর্ঘটনার জেরে ১৯ নম্বর জাতীয় সড়কের বাঁশকোপা টোলপ্লাজা সংলগ্ন এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। থমকে যায় কলকাতা ও আসানসোলগামী বহু যানবাহন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ দ্রুত ক্রেন নিয়ে আসে। ক্রেনের সাহায্যে ক্ষতিগ্রস্ত ও দুমড়ে যাওয়া গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে জাতীয় সড়কের ওপর যান চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়। দুর্ঘটনাগ্রস্ত তিনটি গাড়িকেই আটক করেছে কাঁকসা থানার পুলিশ। কনটেইনারটির কোনো যান্ত্রিক ত্রুটি ছিল নাকি চালক বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন, তা খতিয়ে দেখতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
ট্যাগসমূহ:Durgapur news
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক
নির্ভীক বাংলা নিউজ ডেস্ক

প্রধান সম্পাদক ও প্রকাশক, নির্ভীক বাংলা।

WhatsApp
১২ মন্তব্য
দুর্গাপুরে ১৯ নম্বর জাতীয় সড়কে ভয়ঙ্কর দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা বড়সড় গ্যাস বিস্ফোরণ থেকে | নির্ভীক বাংলা