দুর্গাপুর : ম্যানহোল কিংবা বিপজ্জনক নালার বিষাক্ত গ্যাসে আর প্রাণ হারাতে হবে না সাফাই কর্মীদের। পরিচ্ছন্নতা ব্যবস্থায় আধুনিক প্রযুক্তি ও রোবোটিক্স ব্যবহারের উপর জোর দিয়ে এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুরের সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউট (CMERI)-তে সাফাই কর্মীদের একটি বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে যোগ দিয়ে এই কথা জানান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।
দীর্ঘদিন ধরেই ম্যানহোল পরিষ্কারের মতো ঝুঁকিপূর্ণ কাজে নেমে বহু সাফাই কর্মীর অসুস্থ হওয়া এমনকি মৃত্যুর মর্মান্তিক ঘটনা ঘটে চলেছে। এই অমানবিক ও বিপজ্জনক প্রথার অবসান ঘটাতে এবার কঠোর পদক্ষেপ করছে প্রশাসন। মন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, এখন থেকে নিকাশি নালা বা ম্যানহোল পরিষ্কারের ক্ষেত্রে মানুষের পরিবর্তে সম্পূর্ণভাবে আধুনিক যন্ত্র ও রোবোটিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা হবে।
ইতিমধ্যেই বেশ কিছু এলাকায় বিশেষ ধরনের অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে ম্যানহোল থেকে সাকশন পদ্ধতিতে বর্জ্য ও স্লাজ তুলে আনার কাজ পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। এই আধুনিক যন্ত্রগুলির বিশেষত্ব হলো, এর মাধ্যমে স্লাজ এবং পরিষ্কার জল আলাদা করে ফেলার ব্যবস্থা রয়েছে। ফলে কর্মীদের কোনোভাবেই ম্যানহোলের অতল গভীরে নামতে হবে না, অথচ পরিচ্ছন্নতার কাজ নিখুঁতভাবে সম্পন্ন হবে।
এই প্রযুক্তিকে আরও বেশি সাধারণ মানুষের দোরগোড়ায় এবং রাজ্যের প্রতিটি পৌরসংস্থায় পৌঁছে দিতে সিএমইআরআই-এর সঙ্গে একটি মউ (MoU) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পাশাপাশি, সাফাই কর্মীদের সুরক্ষার বিষয়ে কড়া বার্তা দিয়ে মন্ত্রী জানান, সমস্ত সতর্কবার্তা উপেক্ষা করে যদি কোনো ঠিকাদার সংস্থার কর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ম্যানহোলে নামতে বাধ্য হন, তবে সেই ঠিকাদারের বিরুদ্ধে তৎক্ষণাৎ কঠোর আইনি পদক্ষেপ হিসেবে এফআইআর (FIR) দায়ের করা হবে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তে একদিকে যেমন প্রযুক্তিগত আধুনিকীকরণের ছোঁয়া লাগবে, তেমনই রক্ষা পাবে বহু প্রান্তিক শ্রমিকের অমূল্য জীবন।
দুর্গাপুর
ম্যানহোলে সাফাই কর্মী নামালেই কড়া আইনি পদক্ষেপ! আধুনিক যন্ত্র ব্যবহারের স্পষ্ট বার্তা পুরমন্ত্রীর

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
