রাণীগঞ্জ ও আসানসোল শিল্পাঞ্চলে টানা ও মুষলধারে বৃষ্টির জেরে ব্যাপক জলমগ্ন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। রাণীগঞ্জ পৌরসভার ৮৮ নম্বর ওয়ার্ডের হুসেন নগর এলাকায় জলমগ্ন হয়ে পড়ায় চরম দুর্ভোগের মুখে পড়েছেন সাধারণ মানুষ। লাগাতার বৃষ্টির কারণে এলাকার রাস্তাঘাট জলমগ্ন হওয়ার পাশাপাশি একাধিক বাড়ি ও দোকানে জল ঢুকে পড়েছে, যার ফলে ব্যাহত হয়েছে স্বাভাবিক জনজীবন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলমগ্ন রাস্তায় চলাচল করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন শিশু ও প্রবীণরা। নিত্যপ্রয়োজনীয় কাজ থেকে শুরু করে দৈনন্দিন চলাফেরা—সব ক্ষেত্রেই মারাত্মক বিঘ্ন ঘটছে। এলাকাবাসীর অভিযোগ, সামান্য বৃষ্টিতেই হুসেন নগর এলাকায় জল জমার দীর্ঘদিনের সমস্যা রয়েছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এর কোনো স্থায়ী সমাধান না করায় প্রতিবার বর্ষার মৌসুমে চরম আতঙ্কে দিন কাটাতে হয় স্থানীয়দের। বৃষ্টির গতিপ্রকৃতি দেখে বাসিন্দাদের আশঙ্কা, বৃষ্টি যদি আরও কয়েক ঘণ্টা অব্যাহত থাকে, তবে জলস্তর আরও বৃদ্ধি পেয়ে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। এই পরিস্থিতিতে এলাকার বিধায়ক পার্থ ঘোষের দ্রুত হস্তক্ষেপ কামনা করে অবিলম্বে পর্যাপ্ত জল নিষ্কাশনের ব্যবস্থা এবং এই জলজমার সমস্যার স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ বাসিন্দারা।
অন্যদিকে, আসানসোল শিল্পাঞ্চলেও একই ছবি ধরা পড়েছে। সংবাদদাতা শ্যাম দাসের পাঠানো খবর অনুযায়ী, রাতভর চলা টানা বৃষ্টির জেরে আসানসোলের গারুই নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় রেলপাড় এলাকা সম্পূর্ণ জলমগ্ন হয়ে পড়ে। এছাড়া অপর্যাপ্ত ও ত্রুটিপূর্ণ নিকাশি ব্যবস্থার কারণে শহরের অন্যান্য বেশ কিছু নিচু এলাকাতেও জলের নিচে তলিয়ে গেছে। তবে স্বস্তির বিষয় হলো, ভোরবেলা থেকে বৃষ্টির তীব্রতা কিছুটা কমায় জল ধীরে ধীরে নামতে শুরু করেছে এবং পরিস্থিতি উন্নতির দিকে এগোচ্ছে। স্থানীয় প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ পরিস্থিতির ওপর নজর রাখছে বলে জানা গেছে।
পশ্চিম বর্ধমান
টানা বৃষ্টিতে জলমগ্ন রানিগঞ্জ ও আসানসোল শিল্পাঞ্চল, চরম দুর্ভোগে সাধারণ মানুষ

Nirbhik Bangla Photo
ট্যাগসমূহ:Nirbhikbangla
